ফিনল্যান্ডের বিমান সংস্থা ফিনএয়ারের পরিচালিত দুটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে পরবর্তী তল্লাশিতে হুমকিগুলো ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফিনল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। এয়ারলাইনটির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হেলসিঙ্কি থেকে ইতালির রোমগামী এওয়াই১৭৬১ ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৯টা ২৭ মিনিটে নির্ধারিত সময়েই রোমে অবতরণ করে। এ সময় ইতালির যুদ্ধবিমান ফ্লাইটটিকে পাহারা দিয়ে নিয়ে আসে। ফিনএয়ারের যোগাযোগ ব্যবস্থাপক স্তিনা তুউনানেন জানান, বিমানটি অবতরণের পর স্থানীয় কর্তৃপক্ষ সেটির কাছে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় পাইলট যাত্রীদের বোমা হামলার হুমকির বিষয়টি জানান। তবে বিমানে সন্দেহজনক বা অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। এছাড়া ফিনএয়ারের হয়ে জেটটাইম পরিচালিত হেলসিঙ্কি-ভিয়েনা রুটের আরেকটি ফ্লাইটেও বোমা হামলার হুমকি দেওয়া হয়। তবে এ হুমকিটিও ভিত্তিহীন ছিল বলে জানান তুউনানেন। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিমান সংস্থাটির নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হয়। তুউনানেন আরও জানান, গৎ এক সপ্তাহে এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বিভিন্ন বিমানবন্দর ও একাধিক বিমান সংস্থার বিরুদ্ধে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।