1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

বিশ্বকাপের স্বত্ব বিক্রির নথি প্রকাশ করবে ফিফা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। এ নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবার পরিকল্পনা-সংক্রান্ত ‘গুরুত্বপূর্ণ নথিপত্র’ ফিফা কাউন্সিলের সদস্যদের দেখার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে কঠোর পর্যালোচনা ও গোপনীয়তার শর্ত মেনেই এসব নথি দেখতে পারবেন তাঁরা। গৎ মাসে এ বিষয়ে ফিফাকে ২ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল উয়েফা। পাশাপাশি ১০০টির বেশি প্রশ্নের জবাবও চেয়েছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যে ফিফা কাউন্সিলের এক বৈঠকে বেসরকারি বিনিয়োগের সিদ্ধান্তের জন্য ক্ষমা চান ইনফান্তিনো। তবে সেদিন বিস্তারিত ব্যাখ্যা দিতে পারেননি তিনি। বরং কাউন্সিল সদস্যদের প্রশ্ন লিখিতভাবে জমা দিতে বলেন। উয়েফার বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে ফিফার মহাসচিব মাথিয়াস গ্রাফস্ট্রম কাউন্সিল সদস্যদের চিঠি দেন। সেখানে তিনি জানান, আগ্রহী সদস্যরা জুরিখে ফিফার সদর দপ্তরে গিয়ে ‘গুরুত্বপূর্ণ নথি’ দেখতে পারবেন। আগামী দুই সপ্তাহের মধ্যে এজন্য নিবন্ধন করতে হবে। তবে কোন কোন নথি দেখানো হবে, তা এখনও নিশ্চিত করা হয়নি। বিবিসি স্পোর্টকে জানানো হয়েছে, উয়েফার দুই সপ্তাহের মধ্যে ১০০টির বেশি প্রশ্নের জবাব দেওয়ার দাবিকে বাস্তবসম্মত মনে করেনি ফিফা। আজারবাইজানে নতুন যুব বিশ্বকাপ আয়োজন এবং চলতি মাসের শেষ দিকে বিশেষ কংগ্রেসের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিল সংস্থাটি। এ ছাড়া কিছু প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতাও রয়েছে। অক্টোবরে যুক্তরাষ্ট্রে ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে উয়েফা। প্রয়োজন হলে সুইজারল্যান্ডেও ফৌজদারি অভিযোগ দায়েরের হুঁশিয়ারি দিয়েছে তারা। গ্রাফস্ট্রম তাঁর চিঠিতে বলেছেন, উয়েফার দাবিতে প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রশ্ন রয়েছে। এত বিপুলসংখ্যক প্রশ্নের মুখোমুখি হতে হবে, তা আগে থেকে অনুমান করা কঠিন ছিল। তবে কাউন্সিলের সব সদস্যের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য জবাব তৈরির কাজ চলছে। তিনি আরও জানান, ফিফা কাউন্সিল ও সংখ্যাগরিষ্ঠ সদস্য অ্যাসোসিয়েশনের বাধ্যতামূলক অনুমোদন ছাড়া এফএফই প্রস্তাব বাস্তবায়ন সম্ভব ছিল না। পরিকল্পনা থেকে সরে আসার কারণে ফিফাকে কোনো জরিমানাও দিতে হয়নি বা হবে না। ফিফা সময়সীমা মেনে না চললে কী পদক্ষেপ নেওয়া হবে, তা এখনও স্পষ্ট করেনি উয়েফা। তবে আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচন সামনে রেখে ইনফান্তিনোর ওপর চাপ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার সুযোগ রয়েছে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd