1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

দেশি কুকুরের জন্য আটকে ছিল শুটিং, চার বছর পর আসছে ‘জানোয়ার’

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: দেশি রাস্তার কুকুরকে ঘিরে গল্পের বড় অংশ। অথচ সিনেমার শুটিংয়ের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত কুকুরই পাওয়া যাচ্ছিল না। এই জটিলতায় চার বছর আগে আটকে গিয়েছিল জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জানোয়ার: দ্য বিস্ট’। দীর্ঘ অপেক্ষা ও নানা বাধা পেরিয়ে অবশেষে নতুন করে নির্মিত হয়েছে ছবিটি। সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমার প্রথম আনুষ্ঠানিক পোস্টার। পরিচালনা করেছেন জাহিদ জুয়েল।
জাজ মাল্টিমিডিয়ার তথ্য অনুযায়ী, ২০২১ সালে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা ছিল। কিন্তু গল্পের প্রায় ৭০ শতাংশ দৃশ্যজুড়ে দেশি রাস্তার কুকুরের উপস্থিতি থাকায় নির্মাতাদের বড় সমস্যায় পড়তে হয়। কুকুরগুলোর স্বাভাবিক আচরণ, মানুষের সঙ্গে তাদের সম্পর্ক এবং গল্পের প্রয়োজনে তাদের উপস্থিতি পর্দায় বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে প্রশিক্ষিত দেশি কুকুর প্রয়োজন ছিল।
এ জন্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও প্রয়োজনীয় কুকুর পাওয়া যায়নি। একপর্যায়ে ১০টি প্রশিক্ষিত দেশি কুকুর সরবরাহ করতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। কিন্তু তাতেও আশানুরূপ সাড়া মেলেনি। শেষ পর্যন্ত সিনেমাটির কাজ স্থগিত রাখতে হয়।
কুকুরের সংকটের পাশাপাশি চরিত্রের সঙ্গে মানানসই অভিনয়শিল্পী খুঁজে পাওয়াও ছিল আরেকটি চ্যালেঞ্জ। প্রতিষ্ঠিত নায়ক-নায়িকার বদলে নতুন মুখ নিয়ে কাজ করতে চেয়েছিলেন পরিচালক জাহিদ জুয়েল। গত কোরবানির ঈদের সময় তাঁর সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের বৈঠকের পর সিনেমাটির কাজ আবার শুরু হয়। পরিচালকের পরিকল্পনায় আস্থা রেখে নতুন করে শিল্পী খোঁজার উদ্যোগ নেয় জাজ। দীর্ঘ চার মাসের চেষ্টায় পাওয়া যায় কাঙ্ক্ষিত নবাগত অভিনয়শিল্পীদের।
‘জানোয়ার’-এর গল্পের সময়কাল ১৯৬৫ থেকে ১৯৯০ সাল। সিনেমার বড় একটি অংশে রয়েছে ১৯৬৫ সালের সদরঘাটের জেটির প্রেক্ষাপট। ওই সময়ের পরিবেশ, লোকেশন ও রাস্তার কুকুরের দৃশ্য পর্দায় তুলে ধরতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএঙ্) প্রযুক্তি।
প্রযোজনা প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী, অভিনয়শিল্পীরা গ্রিন স্ক্রিনের সামনে দৃশ্য ধারণ করেছেন এবং নিজেদের সংলাপের কণ্ঠ নিজেরাই ধারণ করেছেন। পরে প্রযুক্তির সহায়তায় তাঁদের অভিনয়ের সঙ্গে গল্পের সময়কাল ও পরিবেশের সামঞ্জস্য তৈরি করা হয়েছে।
সিনেমাটিতে চারজন নবাগতসহ মোট ১৫০ জন অভিনয়শিল্পী কাজ করেছেন। নবাগতদের মধ্যে রয়েছেন সাজ ও আবন্তিকা। আরও অভিনয় করেছেন অবন্তী, নুসরাত, আলিশা, নাদের চৌধুরী, শিবা সানু, জয়, নাজমুল, শুভ্র মেরাজ, রাকা পপি ও শাহ আলম সরকারসহ অনেকে।
সিনেমাটির মূল ভাবনায় রয়েছেন শাহ আলম সরকার। কাহিনি ও সংলাপ লিখেছেন শাহ আলম সরকার ও আবদুল আজিজ। প্রযোজনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া। প্রথম পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে প্রতিষ্ঠানটি।
জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, শিগগিরই সিনেমার প্রধান নায়ক-নায়িকাদের আনুষ্ঠানিকভাবে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে। দীর্ঘদিনের অপেক্ষা ও নির্মাণের নানা জটিলতা পেরিয়ে তৈরি হওয়া ‘জানোয়ার’ কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd