নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া (কক্সবাজার): কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৪ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভোর সাড়ে ৪টার দিকে সে হাসপাতাল থেকে কৌশলে প্রেমিকের সাথে পালিয়ে যায়।
কিশোরীর আত্মীয়স্বজনের ভাষ্য অনুযায়ী, বুধবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রেমিক প্রথমে তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। পরে খবর পেয়ে কিশোরীর পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে প্রেমিকের বাড়ি থেকে নিয়ে আসেন। ওই দিন রাতে কিশোরী অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরিবারের সদস্যদের দাবি, বৃহস্পতিবার ভোরে হাসপাতাল থেকে কিশোরীকে নিয়ে যাওয়া হয়েছে। এরপর থেকে তাদের দুজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
তবে হাসপাতালের কর্তব্যরত এক নার্স জানান, হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় কিশোরী সম্পূর্ণ সুস্থ ছিল। সবার অগোচরে সে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্য তাদের দেখেছেন বলে জানান যায়।
এ ঘটনায় নিখোঁজ দুজনের সন্ধান পেতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন রয়েছেন।