1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাংকারে আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : হরমুজ প্রণালীতে যুক্তরাজ্যের একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে ইঞ্জিন কক্ষে আগুন ধরে গেছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও গত সোমবার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। সংস্থাটি জানায়, ট্যাংকারটির ইঞ্জিন কক্ষে আগুন লাগার পর জাহাজের নাবিকরা তা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। এর কয়েক ঘণ্টা আগে ইউকেএমটিও জানিয়েছিল, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালী দিয়ে যাওয়া আরেকটি ট্যাংকারকে থামিয়ে ফিরে যেতে নির্দেশ দেয়। অন্যথায় জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করা হয়। পরে ওই ট্যাংকারের ক্যাপ্টেন নির্দেশ মেনে জাহাজটি ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। জাহাজটি ওমানের উপকূলের কাছ দিয়ে হরমুজ প্রণালিতে প্রবেশ করছিল বলে জানায় ইউকেএমটিও। ইরান ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তেহরান জানিয়েছে, অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে তারা বারবার অভিযান চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো ঘিরে পাল্টা অবরোধ বজায় রেখেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো। যুদ্ধ চললেও হরমুজ প্রণালীতে জাহাজে হামলার ঘটনা অব্যাহত রয়েছে। তবে যুক্তরাষ্ট্র গত ১ সেপ্টেম্বরের পর থেকে ইরানের ভূখণ্ডে আর কোনো হামলা চালায়নি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা চললেও হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নৌ চলাচল নিয়ন্ত্রণের বিষয়টি এখনো আলোচনার অন্যতম প্রধান জটিলতা হয়ে রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd