মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকতারুজ্জামান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. শেফাইনূর আরেফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মোরেলগঞ্জ শাখার সভাপতি মো. জাকির হোসেন মল্লিক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন, লতিফিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. রুহুল আমীন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী আকন।
সভায় আরও বক্তব্য দেন সেতারা-আব্বোস টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম মিজানুর রহমান, এসবি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবু সালেহ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিএনপি নেতা মেয়ারাজুল ইসলাম খসরু, এবতেদায়ী বিভাগের আদর্শ শিক্ষক সমিতির বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. হারুন অর রশিদ এবং মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুম।
বক্তারা বলেন, একটি জাতির শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষকদের মর্যাদা ও পেশাগত মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।