শেখ সৈয়দ আলী, ফকিরহাট : শিক্ষকতা পেশায় নিষ্ঠা, আন্তরিকতা, শিক্ষার মানোন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন কাজী আজহার আলী কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক খান আল মুস্তাসীম বিল্লাহ সজল।
দীর্ঘ ১৪ বছরের শিক্ষকতা জীবনে তিনি নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ, ফলাফল উন্নয়ন এবং নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রেখে আসছেন। শ্রেণিকক্ষের পাঠদানের বাইরে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করতেও তিনি সক্রিয়ভাবে কাজ করছেন।
শিক্ষাক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও প্রভাষক সজলের অংশগ্রহণ রয়েছে। রক্তদান কর্মসূচি, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও মানবিক সহায়তা প্রদানে তিনি ভূমিকা রেখে চলেছেন। পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগেও তিনি সম্পৃক্ত রয়েছেন।
বিশ্ব শিক্ষক দিবসে উপজেলা পর্যায়ে কলেজের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়াকে তাঁর দীর্ঘদিনের শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ অর্জনে কাজী আজহার আলী কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় খান আল মুস্তাসীম বিল্লাহ সজল বলেন, “বিশ্ব শিক্ষক দিবসে ফকিরহাট উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; আমার প্রিয় প্রতিষ্ঠান, সহকর্মী, শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও অনুপ্রেরণার প্রতিফলন।”
তিনি আরও বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়; জ্ঞান, বিবেক, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলা। শিক্ষকতার পাশাপাশি সামাজিক সচেতনতা, রক্তদান, পরিবেশ সংরক্ষণ ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছেন তিনি।
আগামী দিনেও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতার মহান দায়িত্ব পালন এবং শিক্ষার্থীদের আলোকিত, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।