বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাইনবোর্ড বাজারে পরিচ্ছন্ন পরিকল্পনার অংশ হিসেবে ১ম ধাপের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকাল ৬:০টা থেকে ৯:০০টা পর্যন্ত বাজার এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
’পরিচ্ছন্ন পরিকল্পনা’ নামের সম্পূর্ণ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিকদার আলমগীর হোসেন।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য শেখ মোঃ ইদ্রিস আলী, ক্যাশিয়ার গোবিন্দ দাস, সদস্য সুব্রত দাসসহ অন্যান্য সদস্যবৃন্দ।
কর্মসূচির ১ম দিনে সংগঠনের সদস্যরা বাজারের প্রধান গোলচত্বর থেকে কচুয়া রোড এবং চত্বর এলাকার জমে থাকা পরিত্যক্ত ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, এটি তাদের ধারাবাহিক কার্যক্রমের প্রথম ধাপ। পর্যায়ক্রমে সাইনবোর্ড বাজারের প্রতিটি অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।
পুরো আয়োজনটি স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ব্যাপক প্রসংশা কুড়িয়েছে। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কাজ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।