1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

নদী রক্ষায় সোচ্চার মোরেলগঞ্জের তরুণরা, বিশ্ব নদী দিবসে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট): নদী ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নদী রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানানো হয়।

সোমবার  (২৮ সেপ্টেম্বর) মোরেলগঞ্জ উপজেলার অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়সংলগ্ন পানগুছি নদীর তীরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। যুব ফোরামের উদ্যোগে খুলনা বিভাগের ১০টি জেলায় বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে মোরেলগঞ্জে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে যুব ফোরামের বাগেরহাট জেলার সদস্যদের পাশাপাশি সহযোগী সংগঠন (ইয়ুথ ফর দি সুন্দরবন)মোরেলগঞ্জ -এর তরুণ সদস্যরা অংশ নেন। অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়ে নদী, পানি ও পরিবেশ রক্ষায় সচেতনতামূলক বিভিন্ন বার্তা তুলে ধরে।

সমাবেশে বক্তারা বলেন, নদীকে ঘিরেই উপকূলীয় জনপদের মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশের ভারসাম্য অনেকাংশে নির্ভরশীল। নদী দখল, দূষণ, বর্জ্য ফেলা ও অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণে নদী ও জলাশয়ের স্বাভাবিক পরিবেশ হুমকির মুখে পড়ছে। নদী রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ ও তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তারা বলেন, নদী রক্ষা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; নদীর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত প্রত্যেক মানুষের দায়িত্ব রয়েছে। নদীতে বর্জ্য না ফেলা, নদী দখল ও দূষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি এবং নতুন প্রজন্মকে নদী ও পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা জরুরি।

সমাবেশে বক্তব্য রাখেন যুব ফোরামের সদস্য রুমান হোসাইন, ইসরাত জাহান নাদিয়া, রাহাতুল ইসলাম ও সাইফুল্লাহ প্রান্ত। বক্তারা নদী ও জলসম্পদ রক্ষায় তরুণদের নেতৃত্বে স্থানীয় পর্যায়ে আরও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

তরুণ ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নদী রক্ষা, পানি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd