1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত অন্তত ২৭

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি গোলাগুলির ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলের একটি পানশালায় হামলায় ১৭ জন এবং কেপটাউনের কাছে অপর এক হামলায় ১০ জন প্রাণ হারিয়েছেন। গতকাল রোববার দেশটির পুলিশ পৃথক গোলাগুলিতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। দক্ষিণ আফ্রিকা পুলিশ সার্ভিস (এসএপিএস) বলেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে জোহানেসবার্গের পশ্চিমের একটি বারে প্রথম গোলাগুলির ঘটনাটি ঘটেছে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, পানশালার ভেতরে ও বাইরে গ্রাহকরা যখন অবস্থান করছিলেন, ঠিক তখনই আততায়ীরা এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে। ‘‘বাইরে তাণ্ডব চালানোর পর হামলাকারীরা পানশালার ভেতরে ঢুকে পড়ে এবং গ্রাহকদের লক্ষ্য করেও গুলি চলায়। তাদের হাতে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল। ঘটনাস্থল থেকে দুটি অজ্ঞাত গাড়িতে করে পালিয়ে যাওয়ার আগে তারা কয়েকজন গ্রাহকের মোবাইল ফোন কেড়ে নেয়। হামলার সময় সেখানে থাকা দুটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।’’ ওই গোলাগুলির ঘটনায় ১৩ জন পুরুষ ও ৪ জন নারী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতকদের ধরতে বিশেষায়িত দল মাঠে নেমেছে। তবে এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এদিকে, গতকাল রোববার গভীর রাতে দেশটির কেপটাউন শহরের কাছের লোয়ান্ডলে এলাকায় দ্বিতীয় হামলার ঘটনা ঘটেছে। পুলিশ বলেছে, এতে ১০ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। পুলিশ বলেছে, রাত ১টা ৪৬ মিনিটে বন্দুকধারীরা একটি বিনোদন কেন্দ্রে ঢুকে উপস্থিত গ্রাহকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। এ ঘটনায় ৫ জন ঘটনাস্থলে মারা যান এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও ৫ জনের প্রাণহানি ঘটেছে। আহত বাকি ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতদের পরিবারকে অবহিত করার পর তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সূত্র: এএফপি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd