1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

অপহরণের ৪ ঘণ্টা পর চকরিয়ায় ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের প্রায় চার ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কাকারা এলাকা থেকে তাকে তুলে নেওয়ার পর সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী-কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন জিসান। এ সময় কাকারা এলাকায় একটি মাইক্রোবাসে করে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন।

প্রায় চার ঘণ্টা পর মহাসড়কের পাশে জিসানের মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের ভাষ্য, তার গলা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত জিসানের বাবা নাজেম উদ্দিন নাজুর অভিযোগ, তার ছেলেকে অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফেলে দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, জিসান হত্যার কারণ উদঘাটনে পুলিশ তৎপরতা চালাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, জিসানকে কারা তুলে নিয়ে গিয়েছিল, কোথায় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

ওসি আরিফুর রহমান আরও জানান, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য চার নারীকে চকরিয়া থানায় নেওয়া হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd