বিদেশ : দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কাছে করাচি-চামান মহাসড়কে অভিযান চালিয়ে ৫ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে সন্ত্রাসীদের গোপন আস্তানা থেকে ২৩ জন অপহৃতকে উদ্ধার করা হয়েছে। এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর জানায়, ফিতনা-আল-হিন্দুস্তান গোষ্ঠীর সদস্যরা পাকিস্তান এঙ্প্রেসওয়ে খ্যাত ওই সড়কে একটি চেকপোস্ট বসায়; উদ্দেশ্য অপহরণ, চাঁদাবাজি এবং যানবাহন ছিনতাই। গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর বহু মানুষ সন্ত্রাসীদের এ চৌকি পাড় হতে গিয়ে বিপদে পড়েন। এসব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গোপন আস্তানা থেকে ২৩ জন অপহৃতকে উদ্ধার করা হয়। এসময় গোলাগুলিতে প্রাণ যায় সন্ত্রাসীদের। এছাড়াও, ওই এলাকা থেকে ছয়টি ট্রাক, তিনটি বাস ও দু’টি গাড়ির পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরকও জব্দ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।