দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে দেশে মোট ৯৪৩ শিশুর মৃত্যু হলো।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। মারা যাওয়া পাঁচজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ২৫ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৪৪ শিশু। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৭৭ জনের মধ্যে ৯১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। আর ৯৮৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
এই সময়ে ৮৯০ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৫৫৪। তাদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৫ আগস্ট পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৬৩৮। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৫৭৮ জনের শরীরে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতেও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৯০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৩০ হাজার ৮৩০ জন।