বিদেশ : সিরিয়া গতকাল মঙ্গলবার ভোরে জানিয়েছে, আগের রাতে পূর্বাঞ্চলের একটি গ্যাস পাইপলাইনে নাশকতার কারণে বিস্ফোরণ ঘটে। এতে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। সরকারি বার্তা সংস্থা সানা জানায়, সোমবার সন্ধ্যায় আল-শৌলা এলাকা ও দেইর এজোরের মধ্যবর্তী একটি গ্যাস পাইপলাইনে আগুন ধরে যায়। নাশকতার কারণে পাইপলাইনের একটি অংশের ভালভ বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে। দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানির এক কর্মকর্তার বরাত দিয়ে সানা আরও জানায়, ‘আগুনের কারণে আল-জাবসাহ প্ল্যান্ট থেকে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।’ এ ঘটনা এমন এক সময় ঘটলো, যখন দেশজুড়ে সিরীয়রা জ্বালানির দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করছে। কর্তৃপক্ষ এ মূল্যবৃদ্ধির কারণ হিসেবে আঞ্চলিক যুদ্ধকে দায়ী করেছে। চলতি মাসের শুরুতে দাম বাড়ানোর প্রতিবাদে দেশজুড়ে সিরীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল-বশির জানান, ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধে সিরিয়ার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর আগে বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশটি প্রতিদিন ৩ কোটি ঘনমিটার গ্যাস উৎপাদন করত। আল-বশিরের জানান, বর্তমানে গ্যাস উৎপাদন কমে দাঁড়িয়েছে ৮৫ লাখ ঘনমিটারে। দেশটির দৈনিক গ্যাসের চাহিদা ২ কোটি ২০ লাখ থেকে ২ কোটি ৫০ লাখ ঘনমিটারের মধ্যে।