1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচনের সুযোগ দিতে হবে: স্পিকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার করে সমাজে সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তাঁর মতে, আওয়ামী লীগ সরকারের আমলে এমন পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সমাজের ভালো ও নিরপেক্ষ ব্যক্তিদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া কঠিন ছিল। আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্পিকার। আগের দিন বুধবার ভোলার তজুমদ্দিন উপজেলায় নিজ সংসদীয় আসনের এক সংবর্ধনা অনুষ্ঠানে ‘সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন’ বলে মন্তব্য করেছিলেন তিনি। বৃহস্পতিবার সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি কথাটি বলেছিলেন।

তিনি বলেন, “আওয়ামী লীগ এমন একটা পরিবেশ সৃষ্টি করে গেছে, সমাজের ভালো লোকের নির্বাচন করা সম্ভব হয়নি। আশা করি, এ অবস্থার অবসান হবে। বর্তমান সরকার সবেমাত্র ক্ষমতায় এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু নেয়নি।”

স্পিকার বলেন, শুধু অর্থশালী বা বিত্তবান হলেই কেউ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন, এমন ব্যবস্থা থাকা উচিত নয়। কারও আর্থিক সামর্থ্য কম হলেও তাঁর জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নিশ্চিত করতে হবে। এ জন্য নির্বাচন কমিশনকে এমন পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষও নির্বাচনে অংশ নিতে পারেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্য থেকে তাঁর ধারণা, আগামী নির্বাচনগুলো সুষ্ঠু হবে। স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাধারণ মানুষের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের সরাসরি যোগাযোগ থাকে। আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৭ বছর নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করে তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করেন।

বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে জানিয়ে স্পিকার বলেন, ইতোমধ্যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা তিনি দেখছেন না।

ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা তুলে ধরে স্পিকার বলেন, দ্বীপজেলাটিতে বিপুল পরিমাণ গ্যাস রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, আপাতদৃষ্টিতে ভোলায় যে গ্যাসের মজুত দেখা যাচ্ছে, তা দেশের বর্তমান মোট গ্যাসের মজুতের সমপরিমাণ। এ ছাড়া জেলায় আরও বড় গ্যাসভান্ডার থাকার সম্ভাবনা রয়েছে।

তবে ভোলার গ্যাস কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানান তিনি। এ নিয়ে সরকার বিদেশে যোগাযোগ করছে বলেও উল্লেখ করেন স্পিকার। তাঁর মতে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বড় সুযোগ রয়েছে ভোলার গ্যাসসম্পদকে ঘিরে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভোলার সাধারণ মানুষেরও গ্যাসের প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করে তিনি বলেন, ভোলার গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার এবং এটি তাঁদের দীর্ঘদিনের দাবি। বিষয়টি নিয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান।

নিজের নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিনে তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করেন স্পিকার।

এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর এবং ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd