1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেশের ২৪তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বুধবার (১৩ আগস্ট), মনোনয়নপত্র যাচাই-বাছাই রোববার (১৬ আগস্ট) এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় মঙ্গলবার (১৮ আগস্ট)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ধারা ৫(৩) অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই তফসিল ঘোষণা করা হয়েছে। তিনি জানান, সংসদ সচিবালয় থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। এখন নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে।

গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়। এর আগে ভোটার তালিকা চেয়ে সংসদ সচিবালয়ের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগও করে নির্বাচন কমিশন।

বর্তমান সাংবিধানিক বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য ভোটার হিসেবে অংশ নেন। সংসদ সদস্যদের ভোটেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

এদিকে, গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তনের প্রস্তাব রয়েছে। সেখানে সংসদের উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে। পাশাপাশি ক্ষমতাসীন দলের বাইরে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের বিষয়ও আলোচনায় এসেছে। তবে এসব প্রস্তাব বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধন এখনো হয়নি। ফলে এবারের নির্বাচন বিদ্যমান সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

জুলাই জাতীয় সনদে রাষ্ট্রপতির কিছু সাংবিধানিক ক্ষমতা বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাব রয়েছে। তবে এসব বিষয়ে কিছু রাজনৈতিক দলের, বিশেষ করে বিএনপির, আংশিক ভিন্নমত রয়েছে। সে কারণে এসব প্রস্তাব কার্যকর করতে ভবিষ্যতে সাংবিধানিক সংস্কারের প্রয়োজন হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd