মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট): পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে মোরেলগঞ্জ স্টিল ব্রিজ সংলগ্ন আরএম হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরপার্ক সংলগ্ন কাপুড়িয়া পট্টিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তব্যে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে বলেন, ‘শেখ হাসিনার কবর এদেশে হবে না।’ তিনি অভিযোগ করে বলেন, দেশের বাইরে অবস্থান করে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে সোমনাথ দে আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সহসভাপতি মতিউর রহমান বাচ্চু, যুবদল নেতা রেজাউল করিম সোহাগসহ উপজেলা, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।সমাবেশটি সঞ্চালনা করেন মিজানুর রহমান পলাশ।