বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। তবে এই পরাজয়ের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু স্পেনের জয় নয়, বরং পর্তুগালের একাদশ নির্বাচন এবং কোচ রবের্তো মার্তিনেজের কৌশলও।বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদোকে পুরো ম্যাচ খেলানো এবং ইন-ফর্ম গনসালো রামোসকে বেঞ্চেই বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
স্পেনের বিপক্ষে ম্যাচে পর্তুগালের আক্রমণভাগ ছিল অনেকটাই নিষ্প্রভ। রোনালদো কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেননি। পুরো ম্যাচে তাকে সহজেই নিয়ন্ত্রণে রেখেছে স্পেনের রক্ষণভাগ।
শুধু গোল নয়, রামোসের গতিময় দৌড়, প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করার ক্ষমতা এবং অফ দ্য বল মুভমেন্ট স্পেনের মতো বল দখলে দক্ষ দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত বলে মনে করছেন অনেক বিশ্লেষক। কিন্তু পুরো ম্যাচ বেঞ্চেই কাটাতে হয়েছে এই ফরোয়ার্ডকে। অন্যদিকে ৪১ বছর বয়সী রোনালদোকে ঘিরেই আক্রমণ সাজাতে গিয়ে পর্তুগালের খেলা হয়ে পড়ে একমাত্রিক। স্পেনের ডিফেন্ডাররা সহজেই তাকে কড়া নজরদারিতে রেখে আক্রমণের ধার কমিয়ে দেয়। ফলে বলের দখল ও আক্রমণ- দুই ক্ষেত্রেই ধীরে ধীরে আধিপত্য প্রতিষ্ঠা করে স্পেন।
শেষ পর্যন্ত ৯০তম মিনিটে মিকেল মেরিনোর একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্পেন। বিশ্বকাপ স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে চোখের জল ফেলতে ফেলতেই মাঠ ছাড়েন রোনালদো। এই ম্যাচের পর শুধু পরাজয় নয়, কোচ মার্তিনেজের সিদ্ধান্তও বড় প্রশ্নের মুখে। বিশেষ করে রোনালদোর প্রতি অতি নির্ভরশীলতা এবং ইন-ফর্ম রামোসকে সুযোগ না দেওয়াই পর্তুগালের বিশ্বকাপ বিদায়ের অন্যতম বড় কারণ?