বয়স ছিল মাত্র ৩৬। এরই মধ্যে নিজের অভিনয় দক্ষতা ও সুরের জাদুতে বুঁদ করেছিলেন বিশ্বব্যাপী ভক্তদের। কিন্তু অকালেই থেমে গেল হলিউডের জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ও গায়িকা হেডেন প্যানেটিয়ার সফর। গত রোববার হেডেনের অকালপ্রয়াণের খবর শোনার পরপরই গভীর শোক ও বিষাদের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র ও বিনোদন জগতে। টেলিভিশন জগতের তুমুল জনপ্রিয় ‘হিরোস’ সিরিজে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মুখপাত্র। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। হেডেনের ১১ বছরের একটি মেয়ে রয়েছে। অভিনেত্রীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, একটি বিশেষ ঘটনার পর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং বিস্তারিত তথ্য শিগগির প্রকাশ পাবে। জানা গেছে, মৃত্যুর আগের দিন তিনি তীব্র পিঠের ব্যথায় ভুগছিলেন এবং তার সঙ্গীর সঙ্গে লস অ্যাঞ্জেলেস থেকে ভ্রমণ করেছিলেন। ২০২৩ সালে ছোট ভাইয়ের মৃত্যুতে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন হেডেন। তার অকাল প্রয়াণে সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। অনেকে তার সঙ্গে কাটানো পুরোনো স্মৃতির ছবি শেয়ার করে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। শৈশব থেকে বিনোদন জগতে আলো ছড়ানো এই অভিনেত্রীর প্রয়াণ ভক্ত ও সহকর্মীদের হৃদয়ে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে।