বিদেশ : আন্তর্জাতিক বাজারে সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও ঊর্ধ্বমুখী রয়েছে। গতকাল শুক্রবার রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। জিএমটি সময় অনুযায়ী, স্পট সিলভারের দাম ৩.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩.৪৮ ডলারে পৌঁছেছে। এদিকে, প্লাটিনামের দাম ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ১,৭৫৫.৯০ ডলারে লেনদেন হয়েছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১,৩৭৪.৩০ ডলারে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে মূল্যবান ধাতুগুলোর দাম বাড়ছে। ফলে সপ্তাহজুড়েই রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়াম তিনটি ধাতুই ইতিবাচক প্রবৃদ্ধির পথে রয়েছে। এদিকে জিএমটি সময় ০৬:৩৫ পর্যন্ত স্পট গোল্ডের দাম ১.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২৮৫.৮৯ ডলারে পৌঁছায়। এর আগে গত বৃহস্পতিবার স্বর্ণের দাম সাত সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে ওঠে। সপ্তাহজুড়ে এ পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও ১.১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৩৪৪.৯০ ডলারে লেনদেন হয়েছে।