1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

পুতিনের জন্মদিনে ইউক্রেনে ভয়াবহ হামলা, নিহত ৩২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনে ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এটিকে রাশিয়ার অন্যতম ‘নিকৃষ্ট হামলা’ বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। গত বুধবার রাতে চালানো এই হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। হামলায় বিভিন্ন শিল্প স্থাপনা ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের প্রিলুকি শহরে। সেখানে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র পাঁচতলা আবাসিক ভবনে আঘাত হানলে ভবনের একটি বড় অংশ ধসে পড়ে। গতকাল বৃহস্পতিবার সকালে ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, প্রিলুকিতে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এছাড়া রাজধানী কিয়েভে একটি আবাসিক ভবনে হামলায় আরো চারজন নিহত হয়েছেন। এর আগে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানিয়েছিলেন, দেশজুড়ে হামলায় ২৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে প্রিলুকিতেই মারা যান ২০ জন, যাদের মধ্যে পাঁচজন শিশু। গত বুধবার সন্ধ্যায় কিয়েভের একটি শহরতলিতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আরো দুজন নিহত হন বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটর কার্যালয়।

পুতিনের জন্মদিনের উপহার: জেলেনস্কি
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে বলেন, পুতিন নিজেকেই এমন একটি ‘জন্মদিনের উপহার’ দিয়েছেন, যেখানে শিশু ও সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। তিনি জানান, ইউক্রেনের বিভিন্ন স্থানে রাতভর প্রায় ৭০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এর মধ্যে অনেকগুলো ছিল অত্যন্ত দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাশাপাশি কয়েক ডজন শাহেদ ড্রোনও ছুড়েছে। বিশেষ করে রাজধানী কিয়েভ, ওলেকসান্দ্রিয়া ও ক্রেমেনচুক শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। জেলেনস্কি আরো জানান, হামলায় সারা দেশে প্রায় ১০০ জন আহত হয়েছেন। ওলেঙ্ান্দ্রিয়া ও ক্রেমেনচুক শহরেও বেসামরিক মানুষ নিহত হয়েছেন। জেলেনস্কির মতে, রাশিয়া পরিকল্পিতভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে এবং শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। তিনি এটিকে রাশিয়ার চালানো সবচেয়ে ‘নৃশংস’ হামলাগুলোর একটি বলে উল্লেখ করেন। প্রিলুকির উপমেয়র দানিরো সাভেনকো বলেন, “শহরের কেন্দ্রস্থলে ব্যাপক ধ্বংসলীলা হয়েছে। ক্ষেপণাস্ত্রের বিকট শব্দ শোনার সাথে সাথেই আমরা জীবন বাঁচাতে ভূগর্ভস্থ শেল্টারে আশ্রয় নেই।”

ইউক্রেনের পাল্টা আক্রমণ
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা কিয়েভ ও এর আশপাশের অঞ্চলসহ বেশ কয়েকটি এলাকায় সামরিক-শিল্প স্থাপনা ও ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর অস্ত্রাগার লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। অন্যদিকে, ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ছোড়া ড্রোনের ৮০ শতাংশের বেশি আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে রুশ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর কাছে হিমশিম খাচ্ছে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, মানুষ জীবন রক্ষর্থে তারা মিত্রদের কাছ থেকে আরো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনীও রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলা চালিয়েছে। পার্ম, সামারা ও আস্ট্রাখান অঞ্চলে দুটি রুশ তেল স্থাপনা ও একটি সামরিক প্রশিক্ষণ মাঠে সফল হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। চলমান এই তীব্র উত্তেজনার মধ্যেই গত বুধবার ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে ১ দশমিক ৩৪ বিলিয়ন ডলারের নতুন একটি আর্থিক সহায়তা পেয়েছে ইউক্রেন, যা সম্পূর্ণ প্রতিরক্ষা খাতে ব্যয় করা হবে। তথ্যসূত্র: আল-জাজিরা

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd