বিদেশ : পাকিস্তানে গত তিন দিনে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন অভিযানে ২৯ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এসব অভিযানে সেনাবাহিনীর এক ক্যাপ্টেনও নিহত হয়েছেন। গতকাল শনিবার পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এ তথ্য জানায়। সামরিক বাহিনী জানায়, গত শুক্রবার খাইবার পাখতুনখোয়ার হাঙ্গু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে গোলাগুলিতে সাতজন সশস্ত্র সদস্য নিহত হন। অভিযানে নেতৃত্ব দেওয়ার সময় ২৭ বছর বয়সী ক্যাপ্টেন হামজা আকরাম নিহত হন। তিনি নারোয়াল জেলার বাসিন্দা ছিলেন। সামরিক বাহিনীর দাবি, নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিকদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়ায় পৃথক দুটি অভিযানে আরও ১০ জন নিহত হন। দক্ষিণ ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর পোস্টে হামলার চেষ্টা করলে আটজন নিহত হন। অন্যদিকে দির জেলায় অভিযানে আরও দুজন নিহত হন। এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের ওয়াশুক ও মাস্তুং জেলায় গত বুধ ও বৃহস্পতিবার চালানো অভিযানে আরও ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। এর মধ্যে ওয়াশুকে ছয়জন এবং মাস্তুংয়ে ছয়জন নিহত হন। মাস্তুংয়ে একটি আস্তানাও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সামরিক বাহিনী। পাকিস্তানে সামপ্রতিক বছরগুলোতে সশস্ত্র হামলা বেড়েছে। এসব হামলার সঙ্গে আফগানিস্তানভিত্তিক তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জড়িত বলে ইসলামাবাদ অভিযোগ করে আসছে। তবে আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি