1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

গ্রিসের এজিয়ান সাগরে অভিবাসীবাহী নৌকা দুর্ঘটনায় নিহত ১২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

গ্রিসের এজিয়ান সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে পৃথক দুটি ঘটনায় গত সোমবার ১২ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে একটি নৌকার সঙ্গে পুলিশের টহলযানের সংঘর্ষের ঘটনায়। গ্রিসের কোস্টগার্ড কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কোস্টগার্ডের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, সোমবার লেসবস দ্বীপের কাছে নৌযান সংঘর্ষের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে এক শিশু ও চারজন নারী রয়েছেন। এ ছাড়া সামোস দ্বীপের কাছে একটি ছোট নৌকা ডুবে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। কোস্টগার্ড জানায়, ওই নৌকা থেকে আরও ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজনকে নৌকাটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের কথিত সংগঠক বলে ধারণা করা হচ্ছে। লেসবস দ্বীপের কাছে দুর্ঘটনার বিষয়ে কোস্টগার্ডের ওই কর্মকর্তা বলেন, অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি দ্রুতগতির নৌকার সঙ্গে পুলিশের একটি টহলযানের বাম পাশের অংশে সংঘর্ষ হয়। এ ঘটনায় আটজনকে উদ্ধার করা হয়েছে। তুরস্ক থেকে ইউরোপে পৌঁছানোর আশায় অভিবাসনপ্রত্যাশীদের কাছে এজিয়ান সাগর একটি বহুল ব্যবহৃত সমুদ্রপথ। তবে এই বিপজ্জনক পথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। এর আগে গত সেপ্টেম্বরে ক্রিট দ্বীপের কাছে গাভদোস দ্বীপের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যায়। ওই ঘটনায় একজনের মৃত্যু হয় ও ২৫ জন নিখোঁজ রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd