তারিক লিটু, কয়রা (খুলনা): গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে কয়েক দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে খবর পাওয়ার পর সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আট জেলেকে নিয়ে ফিশিং বোটটি কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরছিল। এ সময় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সেটি সাগরে ভাসতে থাকে।
ইঞ্জিন বিকল হওয়ার পর কয়েক দিন ধরে বোটটি গভীর সমুদ্রে আটকে ছিল। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে ফোন করে মালিককে বিষয়টি জানান।পরে বোটের মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহযোগিতা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা বিকল ফিশিং বোটটির অবস্থান শনাক্ত করা হয়। পরে বোটে থাকা আট জেলেকেই জীবিত উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তাদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। উদ্ধার করা ফিশিং বোটসহ জেলেদের মালিক পক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “সমুদ্রে বিপদে পড়া জেলে ও নৌযান উদ্ধারে কোস্ট গার্ডের তৎপরতা অব্যাহত থাকবে। জরুরি প্রয়োজনে এ ধরনের উদ্ধার অভিযান ভবিষ্যতেও পরিচালনা করা হবে।”