1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

আইয়ুব বাচ্চুর ‘ঘুমন্ত শহরে’ নিয়ে ক্ষোভ, ইউটিউব থেকে সরানোর দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রকাশিত বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অ্যালবামটির কয়েকটি গান নতুন সংগীতায়োজনে প্রকাশের পর শ্রোতাদের একাংশ ক্ষোভ প্রকাশ করছেন। বিশেষ করে অদিত রহমানের কণ্ঠে ‘ঘুমন্ত শহরে’ গানটির পরিবেশনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার দাবির পাশাপাশি দাবি মানা না হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন কয়েকজন। আইয়ুব বাচ্চুর ২০টি জনপ্রিয় গান নিয়ে সাজানো হয়েছে ‘উত্তরাধিকার’ অ্যালবাম। সমসাময়িক বিভিন্ন ব্যান্ড ও শিল্পী এসব গানের নতুন সংগীতায়োজন করেছেন। অ্যালবাম থেকে পাওয়া অর্থ আইয়ুব বাচ্চু জাদুঘর তৈরির কাজে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে। আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে রোববার (১৬ আগস্ট) ইউটিউবে প্রকাশ করা হয় অ্যালবামের প্রথম গান ‘রুপালি গিটার’। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। এরপর এখন পর্যন্ত অ্যালবামের সাতটি গান প্রকাশ পেয়েছে। এর মধ্যে অদিত রহমানের কণ্ঠে ‘ঘুমন্ত শহরে’ গানটি নিয়েই সবচেয়ে বেশি আলোচনা ও সমালোচনা দেখা যাচ্ছে। নতুন সংগীতায়োজনের পাশাপাশি ‘ঘুমন্ত শহরে’ গানে নিজের গায়কী ও পরিবেশনার ধরন যুক্ত করেছেন অদিত রহমান। আর এটিই মেনে নিতে পারছেন না আইয়ুব বাচ্চুর অনেক ভক্ত। তাদের অভিযোগ, নতুন ঢং যোগ করতে গিয়ে গানের মূল আবেগ ও আবেদন নষ্ট হয়ে গেছে। কেউ কেউ বিষয়টিকে প্রয়াত শিল্পীর গানের প্রতি অসম্মান হিসেবেও দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শ্রোতা। একজন লিখেছেন, “বাচ্চু ভাইকে এভাবে অপমান করা উচিত হয়নি, গানের ভিতর কোনো প্রাণ নেই।” বায়জিদ সিয়াম লিখেছেন, “গানের ১২টা বাজায় দিছে।” আরেকজন মন্তব্য করেছেন, “কী গানরে কী করেছে। গানটা পুরা শেষ।” সমালোচনার পাশাপাশি গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার দাবিও উঠেছে। কয়েকজন শ্রোতা দাবি করেছেন, গানটি সরিয়ে না নিলে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। অবশ্য ‘উত্তরাধিকার’ অ্যালবামের সব গান নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি। আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে বিভিন্ন শিল্পী তার গান ও গিটার পরিবেশন করেছেন। তাদের মধ্যে মোল্লা বাবুর গাওয়া ‘কষ্ট কাকে বলে’ গানটির পরিবেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পেয়েছে। ‘উত্তরাধিকার’ ও ‘ঘুমন্ত শহরে’ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোল্লা বাবু বলেন, আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা রেখেই তিনি যত দিন বাঁচবেন তার গান গাইতে চান। তার মতে, ‘উত্তরাধিকার’ অ্যালবামের গানগুলো সুন্দর হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখার পর আগ্রহ নিয়ে ‘ঘুমন্ত শহরে’ শুনলেও সেখানে আইয়ুব বাচ্চুর মূল গানের আবেদন খুঁজে পাননি তিনি। এদিকে ‘উত্তরাধিকার’ প্রকাশের পর আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সহযাত্রী ও গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদের নামও আলোচনায় আসে। এলআরবিতে আইয়ুব বাচ্চুর সঙ্গে দীর্ঘদিন কাজ করা এই গিটারিস্ট বর্তমানে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর তার গান নিয়ে বিভিন্নভাবে কাজ করছিলেন মাসুদ। তবে ‘উত্তরাধিকার’ প্রকল্পের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন আব্দুল্লাহ আল মাসুদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, “চলমান উত্তরাধিকার প্রকল্পকে ঘিরে আইয়ুব বাচ্চুর ভক্ত-শ্রোতাদের মধ্যে যে ক্ষোভ ও উত্তাপ তৈরি হয়েছে, তার কারণ আমি বুঝতে পারি। তবে এই প্রকল্পের সঙ্গে আমাকে জড়িয়ে যে ভুলভ্রান্তি ও বিভ্রান্তি তৈরি হচ্ছে, সেটি ব্যক্তিগতভাবে পরিষ্কার করা আমার জন্য জরুরি।” তিনি আরও জানান, ‘উত্তরাধিকার’ প্রকল্পের শুরু থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। আইয়ুব বাচ্চুর গান পরিবেশনের ক্ষেত্রে মূল গানের আবেগ, মর্যাদা ও অনুভূতি অক্ষুণ্ন রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন মাসুদ। তার মতে, একজন শিল্পীর মৃত্যুর পর তার রেখে যাওয়া সৃষ্টিই সবচেয়ে বড় উত্তরাধিকার। আইয়ুব বাচ্চুর সৃষ্টি ও ভালোবাসার কোনো ধরনের অসম্মান বা স্বার্থহানি হয় এমন কোনো কাজে তিনি অতীতে জড়িত ছিলেন না, বর্তমানে নেই এবং ভবিষ্যতেও থাকবেন না বলেও উল্লেখ করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd