1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

অবসরের স্পষ্ট ইঙ্গিত দিলেন রোনালদো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফুটবল ক্যারিয়ারের শেষের দিকে চলে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার অবসরের বিষয়ে সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ এই মহাতারকা। জানিয়েছেন, চলতি মৌসুমই হতে পারে তার ফুটবল ক্যারিয়ারের শেষ বছর। ৪১ বছর বয়সী রোনালদোর আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। এর আগে বেশ কয়েকবার অবসর নিয়ে কথা বললেও নির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি। তবে গত রোববার প্রকাশিত ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, ‘সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর। আমি একটি দুর্দান্ত উত্তরাধিকার রেখে যেতে চাই।’ গত বছরের নভেম্বরে রোনালদো জানিয়েছিলেন, আরও ‘এক বা দুই বছর’ খেলা চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন তিনি। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ বলেও নিশ্চিত করেছিলেন। তবে বিশ্বকাপে পর্তুগাল স্পেনের কাছে বিদায় নেওয়ার পরও ঠিক কবে ফুটবলকে বিদায় বলবেন, তা স্পষ্ট করেননি। এবার অবশ্য অবসরের পরের জীবন নিয়েও পরিকল্পনা শুরু করে দিয়েছেন রোনালদো। ফুটবল ছাড়ার পর পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান তিনি। ভোগকে রোনালদো বলেন, ‘আমার ভবিষ্যৎ নিয়ে সবকিছুই পরিকল্পনা করা আছে। আমাকে ব্যস্ত রাখার মতো অনেক কিছুই আছে। তাই একটি বিষয় বেছে নেওয়া কঠিন।’ ফুটবল থেকে দূরে থাকার সময়টা কীভাবে কাটাবেন, সেটিও জানিয়েছেন তিনি। তার ভাষায়, ‘ফুটবল ছেড়ে দিলে জীবনে একটা বড় শূন্যতা তৈরি হতে পারে। তাই শুধু একটি নয়, বিভিন্নভাবে নিজের সময় পূরণ করতে হবে। আরও আনন্দ করতে চাই, বেশি ভ্রমণ করতে চাই, প্যাডেল খেলতে ও দেখতে চাই, যেটা আমার খুব পছন্দ। আর যা অর্জন করেছি, আমরা যা অর্জন করেছি-সেগুলো উপভোগ করতে চাই।’ রোনালদো আরও বলেন, ‘কারণ শেষ পর্যন্ত এটি ২৫ বছরের ত্যাগের ফল।’ দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ের মাত্র পাঁচ দিন আগে দেওয়া এই সাক্ষাৎকারে অবসরের ইঙ্গিত দিয়েছেন রোনালদো। ফলে ফুটবলের অন্যতম বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষের কাউন্টডাউন শুরু হয়ে গেছে বলেই মনে করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd