ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এই নির্বাচনে মোট প্রার্থী ৪৭১ জন। এর মধ্যে ভিপি পদে ৪৫ জন এবং জিএস পদে ১৯ জন লড়ছেন। এবার এক নজরে দেখে নেই ডাকসু নির্বাচনের সবচেয়ে আলোচিত প্যানেল ও প্রার্থীদের।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে নেতৃত্ব দেওয়া আবিদুল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।
এই প্যানেলের জিএস প্রার্থী হলেন তানভীর বারী হামিম। উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তিনি। আর ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী হলেন তানভীর আল হাদী মায়েদ। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী।
ঐকবদ্ধ শিক্ষার্থী জোট নামে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাদিক কায়েম। জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাদিক বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। জিএস প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন এস এম ফরহাদ। তিনি সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের ছাত্র। শিবিরি সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী হলেন মহিউদ্দিন খান। তিনি লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আবদুল কাদের। জুলাই আন্দোলনে সমন্বয়কের দায়িত্বে থাকা কাদের বিশ্বিবিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী প্যানেলের জিএস প্রার্থী হিসেবে লড়ছেন আবু বাকের মজুমদার। তিনি ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্র। এজিএস প্রার্থী হিসেবে আছেন আশরেফা খাতুন । তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী।
ডাকসু নির্বাচনে আরও আলোচনায় আছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র তিনি। উমামা ফাতেমা প্রানরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
এছাড়া, ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে লড়ছেন আহত জুলাই যোদ্ধা সানজিদা আহমেদ তন্বী। তার প্রতি সম্মান দেখিয়ে ছাত্রদলসহ বেশিরভাগ প্যানেল এই পদে কোনো প্রার্থী দেয়নি।