1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেট নগরীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলোও প্রস্তুত করা হচ্ছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সার্কিট হাউসে যাবেন। পরে দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এবং বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৩টায় নগর ভবনের সামনে সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি। কর্মসূচি শেষে রাত ৮টায় ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতির আগমন ঘিরে নগরীর বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলো পরিচ্ছন্ন করা হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতির যাতায়াতের পথ, কর্মসূচির স্থান ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি মাজার এলাকা ঘুরে দেখেন এবং রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিসিকের নেওয়া প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ নেন।

পরিদর্শন শেষে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্রপতির সফর ঘিরে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না তারা। তিনি বলেন, “সিলেট একটি পর্যটননগরী। রাষ্ট্রপতি যাতে সিলেটের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং তার সফরকে কেন্দ্র করে প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।”

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। তিনি যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে মাজার জিয়ারত করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সিসিক প্রশাসক জানান, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন ও সংস্কারকাজ সিটি করপোরেশন নিয়মিতভাবে করে আসছে। রাষ্ট্রপতির সফর উপলক্ষে এসব কাজ আরও গতিশীল করা হয়েছে।

এদিকে সফর নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুতি নিয়েছে। রাষ্ট্রপতির সফর উপলক্ষে শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সমন্বয় সভা করে। এতে সভাপতিত্ব করেন এসএমপির পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা পরিকল্পনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানগুলোর নিরাপত্তা জোরদার, যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।

রাষ্ট্রপতির নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। সফর সফল ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি রাষ্ট্রপতির সফরসূচি এবং নাগরিক সংবর্ধনার প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে সিলেট নগরীতে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। এক দিনের এই সফরে রাষ্ট্রপতির কর্মসূচি নির্বিঘ্ন করতে প্রশাসন, সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd