সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী। বাঁধন মানব উন্নয়ন সংস্থার এফোরটি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার সোহাগ হাওলাদারের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন অ্যাক্টিভিস্টা সদস্য মাহফুজ মাঝি।
সভায় রামপাল উপজেলার বিভিন্ন বাজারে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে সৃষ্ট পরিবেশগত সমস্যা, জনস্বাস্থ্যঝুঁকি এবং বর্জ্য ব্যবস্থাপনার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাজার ও আশপাশের এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী বলেন, রামপাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোতে খুব শিগগিরই ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হবে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। তারা নির্দিষ্ট স্থান চিহ্নিত করে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিশ্চিত করবেন।
তিনি আরও বলেন, বাজার ও জনবসতিপূর্ণ এলাকায় যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার পাশাপাশি তা নিয়মিত অপসারণ ও ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হলে পরিবেশ দূষণ কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।
সভায় পেরিখালি বাজার কমিটির সভাপতি শেখ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম, হেলাতলা বাজার কমিটির সভাপতি আলী আক্কাস, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা রামপালের বিভিন্ন বাজারে কার্যকর ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, বাজার কমিটি, ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়