1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার আলোচিত ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল নিলামে বিক্রি হয়েছে ৩৩ লাখ মার্কিন ডলারে। একই বল দিয়ে ওই ম্যাচে ম্যারাডোনা করেছিলেন আরও একটি ঐতিহাসিক গোল, যা পরে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে পরিচিতি পায়। যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনসে শনিবার বলটি ৩৩ লাখ ডলারে বিক্রি হয়, যা প্রায় ২৫ লাখ পাউন্ড। নিলামের আগে অবশ্য ধারণা করা হয়েছিল, বলটির দাম ১ কোটি ডলার পর্যন্ত উঠতে পারে। নিলাম শুরু হয়েছিল ২৫ লাখ ডলার থেকে। ১৯৮৬ সালের ২২ জুন মেঙ্েিকা সিটির এস্তাদিও অ্যাজটেকায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটি ২-১ গোলে জিতে সেমিফাইনালে ওঠে আর্জেন্টাইনরা। ওই ম্যাচেই মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি ঐতিহাসিক গোল করেন ম্যারাডোনা। দ্বিতীয়ার্ধের ছয় মিনিটে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে বল দখলের লড়াইয়ে ম্যারাডোনা হাত দিয়ে বল জালে পাঠান। তিউনিসিয়ার রেফারি আলি বিন নাসের ঘটনাটি দেখতে না পাওয়ায় গোলটি বহাল থাকে। ম্যাচের পর নিজের বিতর্কিত গোল নিয়ে ম্যারাডোনা বলেছিলেন, সেটি হয়েছিল ‘ম্যারাডোনার মাথার সামান্য অংশ এবং ঈশ্বরের হাতের একটু ছোঁয়ায়’। সেখান থেকেই গোলটির নাম হয়ে যায় ‘হ্যান্ড অব গড’। এর মাত্র চার মিনিট পর একই বল দিয়ে আরেকটি অবিশ্বাস্য গোল করেন ম্যারাডোনা। মাঝমাঠ থেকে বল নিয়ে ইংল্যান্ডের পাঁচজন খেলোয়াড়কে কাটিয়ে এগিয়ে যান তিনি। এরপর গোলরক্ষক শিলটনকে পরাস্ত করে বল জালে পাঠান। গোলটি পরে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে পরিচিতি পায়। ম্যারাডোনার জোড়া গোলে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। সেখানে বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা। শিরোপার লড়াইয়ে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ওই ম্যাচেও আর্জেন্টিনার হয়ে দুটি গোল করেছিলেন ম্যারাডোনা। ঐতিহাসিক ম্যাচটির রেফারি আলি বিন নাসের ম্যাচ শেষে ব্যবহৃত অ্যাডিডাস আজতেকা বলটি নিজের কাছে রেখে দেন। তিন দশকেরও বেশি সময় সেটি সংরক্ষণ করেন তিউনিসিয়ার এই রেফারি। বলটি যে ওই ম্যাচে ব্যবহৃত একমাত্র বল ছিল, ২০২৩ সালে একটি আনুষ্ঠানিক চিঠিতে স্বাক্ষর করে তা নিশ্চিত করেন বিন নাসের। পরে স্বাধীনভাবে করা যাচাইয়েও বলটির সত্যতা নিশ্চিত করা হয়। এই বলের নিলাম ইতিহাসও বেশ উল্লেখযোগ্য। ২০২২ সালে বিন নাসের বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি করেন। নতুন মালিক ২০২৩ সালে আবার বলটি নিলামে তোলেন। কিন্তু নির্ধারিত সর্বনিম্ন মূল্যের সমান দর না ওঠায় সেবার বলটি বিক্রি হয়নি। এবার হেরিটেজ অকশনসে ৩৩ লাখ ডলারে নতুন মালিক পেল বলটি। নিলামের আগে হেরিটেজের বিশেষজ্ঞ নিলামকারী মাইক প্রোভেনজাল বলটিকে ফুটবল ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্মারক হিসেবে উল্লেখ করেছিলেন। ম্যারাডোনার সেই ম্যাচের স্মারকের মধ্যে অবশ্য এর চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে তাঁর জার্সি। ২০২২ সালে নিলামে ওই জার্সি প্রায় ৯৭ লাখ ডলারে বিক্রি হয়েছিল। তবে ফুটবল ইতিহাসে ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’ একই ম্যাচে একই বলে হওয়ার কারণে এই বলের গুরুত্ব আলাদা। চার দশক পরও ম্যারাডোনার সেই বিতর্কিত ও অবিস্মরণীয় রাতের স্মৃতি ধরে রেখেছে বলটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd