ডারউইন টেস্টের পর বাংলাদেশকে আর কেউ হালকাভাবে নেবে না- বিশ্বাস হাসান মাহমুদের। ঐতিহাসিক এই টেস্ট জয়ের নায়ক স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, এই টেস্ট জয় তার কাছে স্বপ্নের মতো। নিজের অনুভূতি নিয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ জেতা আমার জন্য অত্যন্ত বিশেষ একটি অনুভূতি। মানুষ এখন অনুধাবন করতে শুরু করেছে যে বাংলাদেশ আর আগের মতো নেই, দিনে দিনে অনেক উন্নত হচ্ছে। দল হিসেবে বাংলাদেশ এখন বিশ্বের যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। একজন খেলোয়াড় হিসেবে এই জয় আমার স্বপ্নের মতো।’ বর্তমান দলের প্রত্যেকেই প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়েছেন। তার ওপর প্রস্তুতি ম্যাচে বাজেভাবে হেরেছিল টাইগাররা। অলআউট হয়েছিল ৫৪ রানে। এরপরও ভালো করার রহস্য কী, খোলাসা করেছেন বাংলাদেশি পেসার। তিনি বলেন, ‘ডারউইনে আসার প্রথম দিন থেকেই আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি এবং মাঠে শতভাগ উজাড় করে দিয়েছি। অনুশীলনের প্রতি মুহূর্ত ও প্রতিটি সেশনে আমাদের লক্ষ্য ছিল পরিষ্কার। মাঠে গিয়ে কন্ডিশন ও উইকেট দেখার পর বোঝা যায় ঠিক কী করতে হবে। অস্ট্রেলিয়ার উইকেট, তাদের সুইং ও বাউন্স বোঝার জন্য আমরা বেশ কিছু ম্যাচ দেখে প্রস্তুতি নিয়েছি। এরপর সতীর্থ, অধিনায়ক ও কোচদের সাথে একসাথে বসে পুরো ম্যাচের পরিকল্পনা সাজিয়েছি।’ বাংলাদেশের ডারউইন টেস্ট জয় যেন দেশের ক্রিকেটে উৎসবের সৃষ্টি করেছে। সমর্থকরা ভাসছেন আনন্দে। ভক্তদের আস্থার প্রতিদান দিতে পেরে বেজায় খুশি হাসান। তিনি বলেন, ‘আমরা সাম্প্রতিক সময়ে কিছু দারুণ টেস্ট জয় পেয়েছি, যা পুরো দলের জন্য খুবই ইতিবাচক। বাংলাদেশে মানুষ ক্রিকেট নিয়ে ভীষণ আবেগী এবং তারা সবসময় চায় আমরা যেন ক্রিকেটার হিসেবে দিনে দিনে আরও উন্নতি করি। এছাড়া আমরা যখন অস্ট্রেলিয়া, ভারত বা ওয়েস্ট ইন্ডিজের মতো দেশে খেলতে যাই, তখনও দর্শকেরা মাঠে এসে যেভাবে সমর্থন জানান, তা দেশের জন্য মাঠে সেরাটা দেওয়ার বাড়তি শক্তি জোগায়।’