1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

এক পরিবর্তন নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অজিরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়া দলে পরিবর্তন এসেছে। ডারউইন টেস্টে জেক ওয়েদারাল্ডের ব্যর্থতার পর তার জায়গায় ম্যাথিউ রেনশকে ১৩ সদস্যের অস্ট্রেলিয়া স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাকে অনুষ্ঠেয় দ্বিতীয় এনআরএমএ ইন্স্যুেরন্স টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াডে রেনশকে যুক্ত করা হয়েছে। ১৩ সদস্যের স্কোয়াডে তিনি জায়গা নিয়েছেন ওয়েদারাল্ডের পরিবর্তে। বাংলাদেশের বিপক্ষে ডারউইনে সিরিজের প্রথম টেস্টে বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। নিজেদের মাঠে বাংলাদেশকে চাপে ফেলার প্রত্যাশা থাকলেও উল্টো ৯ উইকেটে হেরে যায় প্যাট কামিন্সের দল। ওই ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের দুর্বলতাই ছিল পরাজয়ের অন্যতম বড় কারণ। ডারউইন টেস্টে অভিষেক হয় ওয়েদারাল্ডের। তবে দুই ইনিংসেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। প্রথম ইনিংসে ৩৭ বলে ২৩ রান করে আউট হন বাঁহাতি এই ওপেনার। দ্বিতীয় ইনিংসে অবশ্য রানের খাতায় খুলতে পারেননি। দুই ইনিংস হাসান মাহমুদের শিকার হওয়ার পর এবার স্কোয়াড থেকে বাদ পড়লেন ওয়েদারাল্ড। তার পরিবর্তে দলে আসা রেনশ অস্ট্রেলিয়ার পরিচিত মুখ। টেস্ট ক্রিকেটে এর আগেও জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। বাঁহাতি এই ব্যাটারের অন্তর্ভুক্তি অস্ট্রেলিয়ার টপ অর্ডার নিয়ে চলমান আলোচনাকেও আরও জোরালো করেছে। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটিং নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার ও জাতীয় নির্বাচক মার্ক ওয়াহ মনে করেন, টপ অর্ডারে পরিবর্তনের প্রয়োজন হতে পারে। বিশেষ করে ওয়েদারাল্ড ও মার্নাস লাবুশেনের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। ওয়াহ বলেছিলেন, অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মূল সমস্যা টপ থ্রি নিয়ে। ট্রাভিস হেডকে আপাতত ওপেনিংয়ে রাখার পক্ষে থাকলেও ওয়েদারাল্ড ও লাবুশেনকে রান করার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন তিনি। ওয়েদারাল্ডকে নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে তাকে পরবর্তী টেস্টে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা খেলোয়াড় হিসেবেও উল্লেখ করেছিলেন সাবেক এই তারকা। অন্যদিকে সাবেক ওপেনার ম্যাথিউ হেইডেন আরও বড় পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন। তার প্রস্তাব ছিল, ট্রাভিস হেডকে তিন নম্বরে পাঠিয়ে টপ অর্ডারে নতুন করে ভাবা এবং রেনশকে সুযোগ দেওয়া। হেইডেনের সেই প্রস্তাবের পরই দ্বিতীয় টেস্টের স্কোয়াডে রেনশকে অন্তর্ভুক্ত করা হলো। তবে ম্যাকে তার সরাসরি একাদশে জায়গা হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। ডারউইন টেস্টের পর অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও স্বীকার করেছিলেন, দলের বয়স কাঠামো এবং সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক। তবে একটি পরাজয়ের ভিত্তিতে তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাই অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ নিয়ে কৌতূহল বেড়েছে। রেনশকে দলে নেওয়ার ফলে টপ অর্ডারে নতুন সমন্বয় দেখা যেতে পারে। বিশেষ করে ডারউইনে ব্যাটিং ব্যর্থতার পর ম্যাকে অস্ট্রেলিয়া কীভাবে তাদের ব্যাটিং সাজায়, সেটিই এখন দেখার বিষয়।
দ্বিতীয় টেস্টের অস্ট্রেলিয়া স্কোয়াড-
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেঙ্ ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, ম্যাথিউ রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd