1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭ পুরোনো মামলা নিষ্পত্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ কার্যক্রমের আওতায় মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৫৫ হাজার ৭৩০টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং বাকি মামলাগুলো পুরোনো রিট মামলা।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিনের পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোতে বিশেষ কার্যক্রম চলছে।

সর্বশেষ ১৩ আগস্ট বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চে একদিনেই ৫ হাজার ৪০৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। এর মাধ্যমে বিশেষ কার্যক্রম শুরুর পর ১২ কার্যদিবসে নিষ্পত্তি হওয়া পুরোনো ক্রিমিনাল মিস মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৭৩০টিতে।

পুরোনো ক্রিমিনাল মিস মামলার সঙ্গে পুরোনো রিট মামলা হিসাব করলে এ পর্যন্ত মোট ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা জানান, বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচারব্যবস্থার গতিশীলতা বাড়ানোর লক্ষ্যেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিনের পুরোনো মামলাগুলোকে অগ্রাধিকার দিয়ে নিষ্পত্তি করা হচ্ছে।

এ কার্যক্রম শুরু হয় গত ৭ মে। ওই সময় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চের বিচারপতিদের দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলা নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা।

এদিকে, বিপুলসংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তির উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ‘‘মামলা জট বাংলাদেশের বিচারব্যবস্থার দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ।’’

তার মতে, পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ শুধু বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাবে না, বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসও আরও সুদৃঢ় করবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতির নির্দেশনায় মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলা নিষ্পত্তি হওয়া গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক অর্জন। বিশেষ করে একদিনে ৫ হাজার ৪০৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তিকে তিনি প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

মামলাজট নিরসনে এ ধরনের সময়োপযোগী ও কার্যকর উদ্যোগের জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ এবং সুপ্রিম কোর্ট প্রশাসনের প্রশংসা করেন মো. রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, প্রধান বিচারপতির নেতৃত্বে এ ধরনের আরও কার্যকর ও যুগোপযোগী উদ্যোগ প্রত্যাশিত। দ্রুত মামলা নিষ্পত্তির মাধ্যমে বিচারপ্রার্থীদের অপেক্ষার অবসান এবং মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার আরও সহজ, দ্রুত ও কার্যকর করার ওপরও গুরুত্ব দেন তিনি।

মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান মো. রুহুল কুদ্দুস কাজল।

আপনার জেলার সংবাদ পড়তে

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd