1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন সোহান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন লিজেন্ডস অব রূগঞ্জের ওপেনার হাবিবুর রহমান সোহান। এক ম্যাচ আগে দ্রুততম ফিফটির রেকর্ডে ভাগ বসানোর পর গতকাল সোমবার দ্রুততম সেঞ্চুরিতে নিজেই ভাঙলেন নিজের রেকর্ড। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ডে ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে সিটি ক্লাবের বিপক্ষে মাত্র ৪৫ বলেই সেঞ্চুরি তুলে নিয়েছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে যেকোনো বাংলাদেশির এটাই সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড। আগের রেকর্ডটাও অবশ্য সোহানেরই ছিল। ২০২৩ সালের বাংলাদেশ ক্রিকেট লিগে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন তরুণ এই ওপেনার। চলতি ডিপিএলে সেই রেকর্ডে ভাগ বসান আবাহনীর মোসাদ্দেক হোসেন সৈকত। এই সিটি ক্লাবের বিপক্ষেই ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। ঠিক এক মাস একদিনের মাথায় নিজের রেকর্ড আবারও পুনরুদ্ধার করলেন সোহান। গতকাল সোমবার সমান ৪টি করে চার ও ছক্কা মেরে ২৬ বলে ফিফটি পূর্ণ করা সোহান বাকি পঞ্চাশ করতে নেন মাত্র ১৯ বল। ১৮তম ওভারে ড্রেসিং রুমে ফেরার আগে ৮ চার ও ১৩ ছক্কায় মাত্র ৫৮ বলে ১৩০ রানের ইনিংস খেলেছেন সোহান। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০১৯ সালের প্রিমিয়ার লিগে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ১৬টি ছক্কা মেরেছিলেন আবাহনীর ওপেনার সৌম্য সরকার। সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি জেইক ফ্রেজার-ম্যাকগার্কের। ২০২৩ সালের মার্শ ওয়ানডে কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে তিন অঙ্ক স্পর্শ করেছিলেন ম্যাকগার্ক। আর সর্বোচ্চ ছক্কার রেকর্ডও আরেক অজি ব্যাটারের। ২০১৮ সালের ওয়ানডে কাপে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ২৫৭ রানের ইনিংস খেলার পথে ২৩টি ছক্কা মেরেছিলেন ডি’আরসি শর্ট।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd