ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বৃষ্টির পানি জমে থাকা গোবরের গর্তে পড়ে রাকিব শেখ নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পাইকপাড়া এলাকায় এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।
নিহত রাকিব শেখ ফকিরহাট সদর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের রাব্বি শেখের ছেলে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার (৯ আগষ্ট) দুপুর ১২টার দিকে শিশুটি সকলের অলক্ষে বাড়ির আঙ্গিনায় জমে থাকা গোবরের গর্তে পড়ে। পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু রাকিব শেখকে মৃত বলে ঘোষনা করেন। শিশুটির করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা. তারিপ উদ্দিন জানান, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন তার পরিবার। ধারনা করা হচ্ছে শিশুটি গোবরের গর্তে পানিতে ডুবে মারা গেছে।
গর্তে পড়ে এক শিশু মারা গেছে বিষয়টি নিশ্চত করেছে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম। #