মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ (বাগেরহাট): বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ১০ নম্বর হোগলাবুনিয়া ইউনিয়নের ছোটবাদুরা এলাকার বাসিন্দারা এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জাহিদুর ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিখোঁজের চারদিন পর জাহিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ পাওয়া যায় বাড়ি থেকে ৯০০ গজ দূরে। তারা বলেন, মৃত্যুর ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে। তারা ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বক্তারা আরও বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে তদন্তের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব বা পক্ষপাত যেন না থাকে, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে ছোটবাদুরা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে নিহত জাহিদুলের প্রতিবেশী, বন্ধু স্বজন, মা বাবা ও ভাই বক্তব্য রাখেন।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমান বলেন, জাহিদুলের মৃত্যুকে ঘিরে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। আমরা ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছি। মরদেহের ময়নাতদন্ত হয়েছে। রিপোর্ট হাতে পেলেই তার মৃত্যুর আসল রহস্য উন্মোচিত হবে।
উল্লেখ্য গত শনিবার (১লা আগস্ট) দুপুরে উপজেলার হোগলাবুনিয়া গ্রামের রাস্তার পাশের একটি মেহগনি গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত জাহিদুলের মরদেহ মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জাহিদুল ইসলাম হোগলাবুনিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে।