1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

‘পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়’: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে জনগণের বন্ধু ও সেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা একটি নতুন বাস্তবতায় কর্মজীবনে প্রবেশ করছেন। এ অবস্থায় কঠোরভাবে চেইন অব কমান্ড মেনে চলতে হবে। বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর স্বার্থে কাজ করবে না। সংবিধান, আইন ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে। কোনো ব্যক্তি যেন পুলিশের কাছ থেকে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হন, সেদিকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পুলিশ কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার থেকে সবাইকে দূরে থাকতে হবে।

ডিজিটাল অপরাধ ও সাইবার নিরাপত্তা নিয়েও নবীন কর্মকর্তাদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় কারিগরি দক্ষতা অর্জনের পাশাপাশি সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দীর্ঘ অভিজ্ঞতালব্ধ জ্ঞান, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নবীন কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ কার্যক্রম চলমান থাকবে।

এর আগে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে দীর্ঘ ১৮ বছরের বঞ্চনা কাটিয়ে আসা ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের কর্মকর্তাদের অভিনন্দন জানান তিনি।

অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষ হয়। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি এ প্রশিক্ষণ শুরু হয়েছিল। এতে অংশ নেওয়া ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে বাস্তব কর্মজীবনে প্রবেশ করেন।

সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণের পর বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি ‘বেস্ট প্রবেশনার’ এবং ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’ দুটি পুরস্কার অর্জন করেন। ‘বেস্ট অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড’ পান শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম। আর ‘বেস্ট শ্যুটার’ নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ বি এম মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান।

সমাপনী কুচকাওয়াজ শেষে নবীন সহকারী পুলিশ সুপাররা বাস্তব প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়িত হবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd