পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে না খেলার কারণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামির মন্তব্যের প্রকাশ্য সমালোচনা করেছেন পেসার আলজারি জোসেফ। তার দাবি, স্যামির বক্তব্য বাস্তব পরিস্থিতিকে সঠিকভাবে তুলে ধরেনি। বরং প্রয়োজনীয় প্রেক্ষাপট ছাড়া দেওয়া সেই মন্তব্য জনমনে ভুল ধারণার জন্ম দিয়েছে। গত ২৩ জুলাই ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতিতে জানায়, ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জোসেফ। তবে মাত্র এক দিন পর প্রধান কোচ ড্যারেন স্যামি সাংবাদিকদের জানান, জোসেফকে দলে রাখা হলেও তিনি নির্বাচনের প্রস্তাব গ্রহণ করেননি। এরপর থেকেই ক্যারিবীয় ক্রিকেটে শুরু হয় নানা জল্পনা। সম্প্রতি একটি স্থানীয় টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে সেই বিতর্ক নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন জোসেফ। তার ভাষ্য, বিষয়টি নিয়ে তার সঙ্গে প্রধান কোচ এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ-দুই পক্ষেরই আলোচনা হয়েছিল। বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতিতে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করা হলেও পরে স্যামির মন্তব্য সম্পূর্ণ ভিন্ন বার্তা দিয়েছে। জোসেফ বলেন, ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিবৃতিতে স্পষ্টভাবে ‘ব্যক্তিগত কারণ’ বলা হয়েছিল। মিস্টার স্যামি অনেক অভিজ্ঞ মানুষ। তিনি খুব ভালো করেই জানতেন, তার মন্তব্য জনমনে কী ধরনের ধারণা তৈরি করবে। তাই এ বিষয়ে তার মন্তব্য নিয়ে আমার আর কিছু বলার নেই।’ জোসেফের দাবি, তাকে ঘিরে যে ধারণা তৈরি হয়েছে, তা বাস্তবতার সঙ্গে মেলে না। কারণ তিনি দলে খেলতে অস্বীকৃতি জানাননি; বরং নিজের শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। পিঠের নিচের অংশে দ্বিতীয়বারের মতো স্ট্রেস ফ্র্যাকচারে আক্রান্ত হয়ে প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন এই গতিতারকা। সম্প্রতি চোট কাটিয়ে ফিরলেও শরীরকে অতিরিক্ত চাপের মধ্যে ফেলতে চাননি তিনি। জোসেফ বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে টানা পাঁচটি ওয়ানডে খেলার পর তিনি বুঝতে পারেন, তার শরীর আরেকটি কঠিন টেস্ট সিরিজের জন্য প্রস্তুত নয়। তিনি বলেন, ‘আমি প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলাম। দ্বিতীয়বার স্ট্রেস ফ্র্যাকচারের পর শরীরকে সময় দিতে হয়েছে। আমরা আলোচনা করেছিলাম দুটি টেস্ট খেলার সম্ভাবনা নিয়ে। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে টানা পাঁচটি ওয়ানডে খেলার পর আমি নিজেই অনুভব করেছি, আমার শরীর আরেকটি টেস্ট সিরিজের জন্য প্রস্তুত নয়। তাই প্রেক্ষাপট ছাড়া দেওয়া সেই বক্তব্য অবশ্যই বিতর্কিত।’ যদিও এ ঘটনায় কোচের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে, তবুও পেশাদার হিসেবে জাতীয় দলের দায়িত্ব পালনে কোনো সমস্যা দেখছেন না জোসেফ। তিনি আরো বলেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করি, ড্যারেন স্যামির নয়। আমি সেখানে বন্ধু বানাতে যাই না; যাই নিজের কাজ করতে এবং দেশের প্রতিনিধিত্ব করতে।’ জোসেফের এই বক্তব্যের পর স্পষ্ট হয়েছে, পাকিস্তান সিরিজে না খেলার পেছনে কোনো অনীহা নয়, বরং দীর্ঘ চোট থেকে ফেরার পর নিজের ফিটনেস ও কর্মভার (ওয়ার্কলোড) নিয়ন্ত্রণই ছিল মূল বিবেচ্য বিষয়। এদিকে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আজ রোববার। এরপর সেপ্টেম্বরে ভারত সফরে সীমিত ওভারের সিরিজ খেলবে ক্যারিবীয়রা।