1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

মধ্য আফ্রিকায় প্রাণঘাতী ইবোলায় আক্রান্ত ৫০০, মৃত্যু ৮৪ জনের

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬

বিদেশ : গতকাল শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সার্বিক পর্যবেক্ষণে দেখা গেছে, মধ্য আফ্রিকায় ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলার প্রাদুর্ভাবে এখন পর্যন্ত প্রায় ৫০০ জন আক্রান্ত হয়েছে বলে শনাক্ত হয়েছে। এই মহামারির ক্রমবর্ধমান ব্যাপকতা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। খবর এএফপির। পরিস্থিতি নিয়ে দৈনিক হালনাগাদে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) ৪৫২ জনের দেহে ইবোলা শনাক্ত হয়েছে, যার মধ্যে ৮২ জনের মৃত্যু হয়েছে। তিন সপ্তাহ আগে এই প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। এদিকে, প্রতিবেশী দেশ উগান্ডায় ১৯ জনের দেহে ইবোলা শনাক্ত হয়েছে, যার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। ডিআরসি এবং উগান্ডা সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৪৭১ জন আক্রান্ত এবং ৮৪ জনের মৃত্যু হয়েছে। ইবোলার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছিল। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) এক শীর্ষ কর্মকর্তা শুক্রবার বলেছেন, বিভিন্ন মডেল থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, শক্তিশালী জনস্বাস্থ্যমূলক পদক্ষেপ ছাড়া বর্তমান প্রাদুর্ভাব ২০১৪ সালের পশ্চিম আফ্রিকার মহামারীর সমতুল্য হওয়ার ঝুঁকিতে রয়েছে। সে সময় ২৮ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছিল এবং ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ইবোলা ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। গত ৫০ বছরে আফ্রিকায় ১৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই প্রাণঘাতী ভাইরাস। কিন্তু এই রোগের জন্য কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা নেই। গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং আফ্রিকান সিডিসি আগামী ছয় মাস ধরে এই প্রাদুর্ভাব মোকাবিলার জন্য ৫১৮ মিলিয়ন ডলারের একটি পরিকল্পনা চালু করেছে, যার মূল লক্ষ্য হলো নজরদারি, পরীক্ষাগারে পরীক্ষা এবং সংক্রমণ প্রতিরোধের মতো বিষয়গুলোকে শক্তিশালী করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস সাংবাদিকদের বলেন, এই প্রাদুর্ভাব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আমরা এখনো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। তিনি বলেন, এই প্রাদুর্ভাব যেখানে আছে সেখানেই আমাদের তা থামাতে হবে, যেসব দেশ আজ এর মোকাবিলা করছে তাদের সমর্থন করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে কোনো রোগী শনাক্ত হলে প্রতিবেশী দেশগুলো যেন দ্রুত তা শনাক্ত ও ব্যবস্থা নিতে প্রস্তুত থাকে। তিনি আরও বলেন, এটি একটি গুরুতর প্রাদুর্ভাব এবং এটি কীভাবে থামাতে হয় তা আমরা জানি, কিন্তু আমাদের দ্রুত এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd