বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছানোর পর চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বেলজিয়াম। যে কারণে বিশ্বকাপের পরই কোচের পদ থেকে সরে দাঁড়ান রুডি গার্সিয়া। তার বিদায়ের পরই নতুন প্রধান কোচের নাম ঘোষণা করেছে বেলজিয়ান ফুটবল ফেডারেশন। দেশটির নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন নেদারল্যান্ডসের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি মিডফিল্ডার মার্ক ফন বোমেল। গার্সিয়ার চুক্তির মেয়াদ ৩১ জুলাই শেষ হওয়ার পরই দায়িত্ব নেবেন ৪৮ বছর বয়সী এই ডাচ কোচ। নতুন দায়িত্ব পেয়ে বেলজিয়ামকে ইউরোপ ও বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে ফন বোমেল বলেন, ‘বেলজিয়ামের দলে অসাধারণ সব খেলোয়াড় রয়েছে, তাদের সম্ভাবনাও বিশাল। আমার কোচিং স্টাফকে নিয়ে আমরা এমন একটি দল গড়ে তুলতে চাই, যারা হবে শৃঙ্খলাবদ্ধ, উচ্চাকাঙ্ক্ষী এবং বিশ্বের সেরাদের বিপক্ষে লড়াই করার মতো সাহসী।’ তিনি আরও বলেন, ‘সাফল্যের নিশ্চয়তা কখনোই দেওয়া যায় না। তবে কঠোর পরিশ্রম, সততা ও প্রতিশ্রুতির নিশ্চয়তা দেওয়া যায়। আমরা প্রতিদিন এই দলকে আরও উন্নত করতে এবং বেলজিয়ামের মানুষকে গর্বিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।’ কোচ হিসেবে ফন বোমেলের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। তিনি এর আগে নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহোভেন, জার্মানির ভিএফএল ভলফসবার্গ এবং বেলজিয়ামের রয়্যাল অ্যান্টওয়ার্পের দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে অ্যান্টওয়ার্পে তার সময়টা ছিল স্মরণীয়। ২০২৩ সালে তার অধীনে ক্লাবটি একই মৌসুমে বেলজিয়ান লিগ ও কাপ- দুই শিরোপাই জয় করে। ১৯৫৭ সালের পর সেটিই ছিল অ্যান্টওয়ার্পের প্রথম লিগ শিরোপা। ফন বোমেলের খেলোয়াড়ি ক্যারিয়ারও ছিল বর্ণাঢ্য। ইউরোপের শীর্ষ ক্লাব বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং এসি মিলানের জার্সিতে খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে নেদারল্যান্ডসের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ছিলেন। ২০১০ বিশ্বকাপে ডাচদের অধিনায়কত্বও করেন তিনি। সেই আসরে নেদারল্যান্ডস ফাইনালে উঠলেও আন্দ্রেস ইনিয়েস্তার অতিরিক্ত সময়ের গোলে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে। বেলজিয়াম জাতীয় দলে ফন বোমেলের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন বাউডেউইন জেনডেন, মার্টেন মার্টেন্স এবং রেইনিয়ার রবেমন্ড। বেলজিয়ান ফুটবল ফেডারেশনের ক্রীড়া পরিচালক ভিনসেন্ট মানার্ট নতুন কোচ নিয়োগে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘মার্ক ফন বোমেল এবং তার সহকারীরা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, এতে আমি অত্যন্ত আনন্দিত। তারা অত্যন্ত উদ্যমী ও উচ্চাভিলাষী।’ মানার্টের বিশ্বাস, খেলোয়াড় ও কোচ- দুই ভূমিকাতেই আন্তর্জাতিক পর্যায়ের সমৃদ্ধ অভিজ্ঞতা থাকায় ফন বোমেল বেলজিয়ামকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন। তার ভাষায়, ‘আমি নিশ্চিত, তাদের অভিজ্ঞতা বেলজিয়ামের রেড ডেভিলসকে আরও উন্নতি করতে, ধারাবাহিক সাফল্য অর্জন করতে এবং দলগত ও ব্যক্তিগত- উভয় পর্যায়ে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য কাজে লাগাতে সাহায্য করবে।’ ২০২৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে স্পেনের কাছে বিদায় নেয় বেলজিয়াম। এখন ফন বোমেলের নেতৃত্বে নতুন চক্র শুরু করতে যাচ্ছে ইউরোপের অন্যতম প্রতিভাবান এই দল। আগামী ইউরো বাছাইপর্ব এবং পরবর্তী বড় টুর্নামেন্টকে সামনে রেখে তার ওপরই থাকবে বেলজিয়ামের নতুন প্রজন্মকে সফলতার পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব।