1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় ড্রোন হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইরানে টানা ১৩তম দিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে আসছে ইরান। এরই ধারাবাহিকতায় বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে দেশটি। গতকাল শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটির জ্বালানি ট্যাংক, সরঞ্জাম গুদাম এবং সৈন্যদের আবাসস্থল লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। সামরিক বাহিনী আরও জানিয়েছে, জর্ডানের মুওয়াফফাক সালতি (আল-আজরাক) বিমানঘাঁটির বিমান হ্যাঙ্গার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং আবাসন এলাকাতেও হামলা চালানো হয়েছে। তারা সতর্ক করে বলেছে, ইরানের স্বার্থের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করবে। এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, ড্রোন মজুতকেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বাহিনীটি জানিয়েছে, এসব হামলার উদ্দেশ্য ছিল ইরানকে জবাবদিহির আওতায় আনা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হুমকি হ্রাস করা। তেহরান থেকে আল জাজিরার তোহিদ আসাদি জানান, ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাশাপাশি খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, খুজেস্তানের অপর প্রান্তের আন্দিমেশক ও ওমিদিয়া শহরেও মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির বন্দরনগরী বান্দার আব্বাসের একটি আবাসিক এলাকায় মার্কিন হামলায় দুজন আহত হয়েছেন।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd