ফকিরহাটপ্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে মাদক সেবনের অভিযোগে দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা করে জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে ফকিরহাট মডেল থানা পুলিশসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় কাজী আজহার আলী কলেজের পেছন থেকে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করা হয়।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে এ আট্টাকী গ্রামের ইমন বিশ্বাস (১৯) এবং জুবায়েরুল ইসলামকে (২৩) এই সাজা ও অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্টের বিচারক এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ। এসময় থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।