1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

‎ধর্মীয় ভাবগাম্ভীর্যে পাইকগাছায় ১৫ মন্দিরে বর্ণাঢ্য রথযাত্রা উৎসব উদযাপিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): ‎পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের বর্ণাঢ্য রথযাত্রা উৎসব ও ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। ‘জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে’— এই মন্ত্রোচ্চারণে বৃহস্পতিবার  দুপুর থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে পাইকগাছা পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নের ১৫টি মন্দিরে একযোগে এই উৎসব পালিত হয়। বর্ণিল সাজে সজ্জিত রথ আর হাজারো ভক্তের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
‎সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে লীলাচলপতি শ্রীজগন্নাথদেব বড় ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে শ্রীক্ষেত্র থেকে ৯ দিনের জন্য ‘মাসির বাড়ি’ অর্থাৎ গুণ্ডিচা মন্দিরে যান। আবার ৯ দিন পর উল্টো রথে চড়ে নিজ মন্দিরে (শ্রীমন্দির) ফিরে আসেন। এই ৯ দিন ধরে মাসির বাড়িতে অবস্থানকালে মন্দিরে মন্দিরে বিশেষ পূজা-অর্চনা, আরতি, হরিনাম সংকীর্তন, ভাগবত পাঠ, মহাপ্রসাদ বিতরণ ও বিশেষ ধর্মীয় সভার আয়োজন করা হবে। আগামী ২৪ জুলাই ‘উল্টো রথযাত্রা’র মধ্য দিয়ে এই মহাপুণ্যময় উৎসবের সমাপ্তি ঘটবে।
‎বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া নাথপাড়া এবং বাঁকা পালপাড়া, ঘোষপাড়া, দেবদুয়ার ও কাটাখালী মন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রা উৎসবের শুভ উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ। এ সময় তিনি দলীয় নেতা-কর্মী ও ভক্তবৃন্দের সাথে নিয়ে রথের দড়ি টানেন এবং আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।
‎এদিকে, সোলাদানা ইউনিয়নের আমুরকাটা শ্রীরামকৃষ্ণ মিশনে রথযাত্রা উৎসবের শুভ উদ্বোধন করেন সাবেক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস.এম. এনামুল হক।
‎অপরদিকে, উপজেলা সদরের ঐতিহ্যবাহী বাতিখালী হরিতলা পূজা মন্দির ও শ্রী শ্রী জগন্নাথ নামহট্ট মন্দিরের রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব এস.এম. ইমদাদুল হক।
‎এ সময় উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ কুমার মন্ডল, জেলা পূজা পরিষদ নেতা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, পৌর বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, তুষার কান্তি মন্ডল, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, সন্তোষ সরকার, গৌতম মন্ডল, সাবেক কাউন্সিলর এস.এম. তৈয়বুর রহমান, অনুপম কৃষ্ণপ্রেম দাশ, কৌস্তব সানা, অনাথবন্ধু সরদার, সুভাষ মন্ডল, অনুকূল ব্যার্নাজী, করুণা মন্ডল,
‎স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, হুরায়রা বাদশা, ওবায়দুল্লাহ সহ বিভিন্ন মন্দির কমিটির কর্মকর্তা, রাজনৈতিক নেতা-কর্মী এবং শত শত ভক্তবৃন্দ।
‎উপজেলার ১৫টি মন্দিরে অত্যন্ত নিষ্ঠা ও ভক্তির সাথে বর্ণাঢ্য রথযাত্রা উৎসব পালিত হয়। প্রতিটি মন্দির প্রাঙ্গণ ও রথগুলোকে ফুল, রঙিন কাগজ ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়। বিকেলে মন্দিরগুলো থেকে বের হওয়া সুবিশাল রথ নিয়ে আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রথের দড়ি টানতে আসা আবালবৃদ্ধবনিতার ভিড় ছিল চোখে পড়ার মতো। ভক্তরা উলুধ্বনি, শঙ্খধ্বনি ও খোল-করতালের তালে তালে নেচে-গেয়ে পুরো এলাকা উৎসবমুখর করে তোলেন। অনেকেই রথের উপর ফুল, ফল ও প্রসাদ নিবেদন করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে উৎসবের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা গেছে। অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রথম দিনের উৎসব সম্পন্ন হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd