1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সংসদ ভবনের সামনে অবস্থান নিলেন শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষার পুনঃআয়োজন এবং পরবর্তী পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার পর সায়েন্সল্যাব মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে পৌঁছান তারা। সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান আন্দোলনকারীরা।

এর আগে দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন। পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান। সেখানে কিছু সময় অবস্থান করার পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সামনে গিয়ে বিক্ষোভ করেন। বিকেল ৩টা ১০ মিনিট পর্যন্ত শিক্ষা বোর্ডের সামনে অবস্থানের পর আবার সায়েন্সল্যাব মোড়ে ফিরে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ করেন। প্রায় সোয়া এক ঘণ্টা কর্মসূচি পালন শেষে তারা জাতীয় সংসদ ভবনের উদ্দেশে যাত্রা শুরু করেন।

সংসদ ভবনের সামনে পৌঁছে শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি পুনর্ব্যক্ত করেন। তাদের দাবি, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং শিক্ষার্থীদের নিয়ে দেওয়া ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে ১৩ জুলাই বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, সবার জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

আন্দোলনকারীরা আরও দাবি জানান, ১৫ জুলাইয়ের নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে নতুন পরীক্ষার রুটিন প্রকাশ করতে হবে। পাশাপাশি প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব করারও আহ্বান জানান তারা।

সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন। তিনি বলেন, “সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং শিক্ষার্থীদের নিয়ে দেওয়া অসংগতিপূর্ণ বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।” তিনি আরও বলেন, “১৩ জুলাই যারা প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা দিয়েছে এবং যারা পরীক্ষা দিতে পারেনি, সবার জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি পরবর্তী পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ করতে হবে।”

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, সকাল থেকে ধারাবাহিকভাবে কর্মসূচি চললেও সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এ কারণে দাবি পূরণ না হলে আন্দোলন আরও বিস্তৃত করার হুঁশিয়ারিও দেন তারা।

দিনের কর্মসূচির কারণে রাজধানীর সায়েন্সল্যাব, মিরপুর সড়ক ও আশপাশের এলাকায় দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। পরে শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনে অবস্থান নিলে সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd