বিদেশ: রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে গতকাল শনিবার ভোরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। ইউক্রেন এ তথ্য জানিয়েছে। সামপ্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনের রাজধানীর ওপর হামলা আরও বাড়িয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া প্রায় প্রতিদিনই কিয়েভ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। তবে সমপ্রতি রাশিয়া অত্যন্ত দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একের পর এক প্রাণঘাতী হামলা চালাচ্ছে, যা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে জানান, রাশিয়ার হামলায় রাজধানীতে ছয় ব্যক্তি আহত হয়েছেন। এর আগে তিনি জানান, রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। তিনি সবাইকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানান। তকাচেঙ্কো বলেন, আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি তিনজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের পরিচয় বা তাদের আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এএফপির সাংবাদিকরা জানান, গতকাল শনিবার ভোরে কিয়েভে পরপর দুই দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথম বিস্ফোরণের কয়েক মিনিট পর বিমান হামলার সাইরেন বাজতে শুরু করে। সাইরেন বাজতে বিলম্ব হওয়ার ঘটনাটি চলতি সপ্তাহের শুরুর দিকের আরেকটি রুশ হামলার কথা মনে করিয়ে দেয়। সেদিনও কিয়েভের আকাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দে ঘুমন্ত বাসিন্দারা চমকে ওঠেন, আর তার কয়েক মুহূর্ত পর বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। এদিকে, শনিবারের এই হামলার একদিন আগে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিনাঞ্চলের কয়েকটি তেল শোধনাগার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সূত্র: এএফপি