বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার ১ নম্বর কাড়াপাড়া ইউনিয়নে
দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা পন্ড স্যান্ড ফিল্টার (পিএসএফ) পুনরায় সচল করে
নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করার দাবিতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল
অধিদপ্তরের সঙ্গে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
সকালে অভিযান যুব সংগঠনের আয়োজনে এবং GOLD Initiative-এর সহযোগিতায় এ সভা
অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সুমিত ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান
অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাহিদুর রহমান। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মো.
জাহাঙ্গীর আকন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন লিটন, স্থানীয়
সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, যুব প্রতিনিধি ও স্থানীয়
বাসিন্দারা।
সকাল ১১টায় শুরু হওয়া সভা পরিচালনা করেন অভিযান যুব সংগঠনের সাধারণ
সম্পাদক রবিউল ইসলাম। শুরুতে সংগঠনের সদস্য লামিয়া আক্তার মূল প্রবন্ধ
উপস্থাপন করেন। পরে শুভেচ্ছা বক্তব্য দেন সভাপতি সুমিত ভট্টাচার্য এবং
সভার উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন ইমরান শেখ।
উন্মুক্ত আলোচনায় বক্তারা জানান, কাড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়
দীর্ঘদিন ধরে একাধিক পিএসএফ অচল থাকায় নিরাপদ পানির তীব্র সংকট দেখা
দিয়েছে। অনেক পরিবার বাধ্য হয়ে দূরবর্তী স্থান থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ
করছে কিংবা অতিরিক্ত অর্থ ব্যয় করে পানি কিনছে। এতে নিম্নআয়ের মানুষের
দুর্ভোগ যেমন বেড়েছে, তেমনি স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পেয়েছে।
সিডোর সভাপতি মেহেদি হাসান বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। তাই
অচল পিএসএফগুলো দ্রুত সংস্কার করে জনগণের ব্যবহারের উপযোগী করা প্রয়োজন।
সিডোর কোষাধ্যক্ষ শুভ্র দাস বলেন, সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি ও
যুবসমাজের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
বক্তারা বলেন , নিরাপদ সুপেয় পানি ও অচল পিএসএফগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের জন্য
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে। বাস্তবসম্মত পরিকল্পনার
মাধ্যমে নিরাপদ পানির সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও
দেন তিনি।
সভার শেষে কাড়াপাড়া ইউনিয়নের সব অচল পিএসএফ দ্রুত সংস্কার, নিয়মিত
রক্ষণাবেক্ষণ এবং নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে সরকারি-বেসরকারি
প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান
জানানো হয়। সমাপনী বক্তব্যে অভিযান যুব সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল
ইসলাম বলেন, সভায় উত্থাপিত সুপারিশ বাস্তবায়িত হলে ইউনিয়নের মানুষের
নিরাপদ পানির অধিকার নিশ্চিত হবে বলে তারা আশাবাদী।