ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ফকিরহাট উপজেলার আট্টাকী বাজার এলাকা থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন সরদার আরিফ উজ্জামান (৪৭) ও সাইফুল ইসলাম হিরক (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বাগেরহাটের একটি দল ফকিরহাট মডেল থানাধীন আট্টাকী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করে আইনানুগ প্রক্রিয়া শেষে ফকিরহাট মডেল থানায় সোপর্দ করা হয়।এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।