1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

লঙ্কানদের হারিয়ে ক্যারিবিয়ানদের সিরিজ জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ড্র হলো ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যকার অ্যান্টিগা টেস্ট। রান উৎসবের ম্যাচ শেষ পর্যন্ত ড্র হওয়ায় দুই ম্যাচের সিরিজ ১-০ তে জিতে নিল ক্যারিবীয়রা। ফলে দীর্ঘ ২৩ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সর্বশেষ টেস্ট সিরিজ জয়টিও এসেছিল সাড়ে ৩ বছর আগে। ড্রয়ের পথে এগোতে থাকা এই টেস্টের শেষ দিনে ২ উইকেটে ৯২ রান নিয়ে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। প্রথম ঘন্টায় কামিন্দু মেন্ডিসের উইকেট হারায় সফরকারীরা। ৪৪ রান করে জেডেন সিলসের শিকার হন তিনি। ভাঙে তৃতীয় উইকেটের ৮৬ রানের জুটি। কামিন্দু ফিফটি করতে না পারলেও ৮৩ বলে ফিফটির দেখা পান আগের দিন অপরাজিত ব্যাটার দীনেশ চান্দিমাল। আলজারি জোসেফের শিকার হওয়ার আগে লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৭১ রান করেন এই ডানহাতি ব্যাটার। তার ১০৭ বলের ইনিংসে ছিল চারটি চার ও দুইটি ছক্কা। এরপর অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা দ্রুত রান তুলেছেন, করেছেন ৩৪ রান। রানআউটে কাটা পড়ার আগে দ্রুত রান তুলেছেন সোনাল দিনুশাও ২৬ বলে ২৮ রান করেন। এরপর কুশল মেন্ডিস ব্যর্থ হলেও মিলান রথনায়েকের অপরাজিত ২০ রানে লিড তিনশো পার করে শ্রীলঙ্কা। মধ্যাহ্ন বিরতির পর ৯ উইকেটে ২৫১ রানে ইনিংস ঘোষণা করে তারা। ফলে বাকি থাকা ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩০২ রানের। রান তাড়া করতে নেমে সাবধানী ব্যাটিং করেছেন দুই ক্যারিবীয় ওপেনার জন ক্যাম্পবেল ও ব্রেন্ডন কিং। দুইজনে ৪০ ওভার ব্যাট করে গড়েন ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটি। দুইজনেই অপরাজিত ছিলেন ৫১ রান করে। এরপর ড্র মেনে নেয় দুই দল। এর আগে প্রথম ইনিংসে লাহিরু উদারার ১৮৮ ও সোনাল দিনুশার ৯২ রানে ভর করে ৯ উইকেটে ৫৪৯ রান করে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ইনিংসে শাই হোপের ১১২ ও জাস্টিন গ্রিভসের ১৮০ রানের ইনিংসে ৪৯৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd