বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন পরিণতি আর্জেন্টিনার জন্যও সতর্ক সংকেত বলে মনে করছেন কোচ লিওনেল স্কালোনি।একই সঙ্গে তার বিশ্বাস, ম্যাচের শুরুতে এন্দ্রিক ফেলিপে সহজ সুযোগটি কাজে লাগাতে পারলে ম্যাচের ফল ভিন্নও হতে পারত।
মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমরা তখন অনুশীলনে ছিলাম, আবার ঝড়ও হচ্ছিল। তাই ম্যাচের কিছুটা দেখেছি। নরওয়ে খুবই ভালো দল। গোলশূন্য অবস্থায় এন্ড্রিক যদি সেই গোলটি করত, তাহলে এখন আমরা হয়তো ভিন্ন কিছু নিয়ে কথা বলতাম। তারা দুর্দান্ত এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল, এটাই বাস্তবতা।
আমরা সতর্ক আছি, কারণ আমরাও একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছি।’ নরওয়ের বিপক্ষে একাধিক সুযোগ নষ্ট করেই শেষ পর্যন্ত বিদায় নিশ্চিত হয় ব্রাজিলের। ম্যাচের শুরুতে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারেস। পরে দ্বিতীয়ার্ধে গোলরক্ষকের মুখোমুখি হয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি এন্দ্রিক। তার সেই মিসের পরই ম্যাচের মোড় ঘুরে যায় এবং শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে নরওয়ে।এদিকে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। যারা এখন পর্যন্ত কম সময় মাঠে ছিলেন, তাদের সুযোগ দেওয়ার কথা ভাবছেন তিনি। এ বিষয়ে আর্জেন্টাইন কোচ বলেন, ‘যারা খুব বেশি মিনিট খেলেনি, তাদের মাঠে নামানোর সুযোগ আমাদের আছে। আশা করি তারা খেলতে পারবে। তারা হয়তো আরও সতেজ থাকবে। আমাদের বেঞ্চে এমন অনেক খেলোয়াড় আছে, যারা খুব বেশি ম্যাচ খেলেনি।’
কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে আজ (মঙ্গলবার) রাত ১০টায় আটলান্টায় মোহামেদ সালাহর মিশরের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। একাদশে পরিবর্তন এলেও দলের খেলার দর্শনে কোনো পরিবর্তন আসবে না বলে স্পষ্ট করেছেন স্কালোনি।
তিনি বলেন, ‘কৌশলগত দিক থেকে আমরা একটি ম্যাচে নানা উপায়ে খেলতে পারি। তবে যে দলটি নামবে, সেটি আমাদের স্বাভাবিক খেলার ধরনই অনুসরণ করবে। আমরা অবশ্যই খেলোয়াড়দের শারীরিক অবস্থার দিকে নজর রাখছি, কিন্তু শুরু থেকেই আমাদের মূল কৌশল পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।’