1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলায় ১৩ জন নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর পক্ষ থেকে একটি ‘আসন্ন ও বড় ধরনের’ হামলার সতর্কতা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় এই বিধ্বংসী হামলা চালানো হয়। খবর আল-জাজিরার। গতকাল বৃহস্পতিবার টেলিগ্রামে এক বিবৃতিতে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রুশ ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে একটি বহুতল আবাসিক ভবনের ছয়টি তলা আংশিকভাবে ধসে পড়েছে। এই ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো জানান, হামলায় দুই শিশুসহ অন্তত ৫৬ জন গুরুতর আহত হয়েছেন। রুশ বাহিনীর ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও বোমার আঘাতে শহরজুড়ে প্রায় তিন ডজন স্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকরা জানান, কিয়েভের মধ্য ও পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে এক ডজনেরও বেশি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের বিমান বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সতর্কতা জারি করার সাথে সাথেই শহরের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের জন্য ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে ভিড় করতে শুরু করেন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার দায় স্বীকার করে টেলিগ্রামে জানিয়েছে, তারা দূরপাল্লার উচ্চ-নির্ভুলতার আকাশ, স্থল ও সমুদ্রভিত্তিক অস্ত্র এবং ড্রোন ব্যবহার করে কিয়েভসহ বিভিন্ন অঞ্চলের সামরিক ও বিদ্যুৎ জ্বালানি অবকাঠামোতে ‘সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে। পোলতাভা ও দিনিপ্রোপেত্রোভস্কের সামরিক বিমানবন্দরগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে মস্কো। রাশিয়ার দাবি, ইউক্রেন কর্তৃক রুশ বেসামরিক অবকাঠামোতে হামলার পাল্টা প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত বুধবার আয়ারল্যান্ড সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফেরার ঘোষণা দেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছিলেন, “আমাদের গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে যে, পুতিন (রুশ প্রেসিডেন্ট) ইউক্রেনে একটি বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছেন।” জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু করা ‘যুদ্ধ শেষ করতে সম্পূর্ণরূপে অস্বীকৃতি’ জানানোর অভিযোগও তোলেন। তিনি বলেন, ইউক্রেন ‘সব সম্ভাব্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক চ্যানেলের’ মাধ্যমে ‘বৈঠক এবং অর্থপূর্ণ আলোচনার’ প্রস্তুতি প্রকাশ করা সত্ত্বেও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। জেলেনস্কি আরো বলেন, পুতিন শুধু ইউক্রেন নয়, প্রতিবেশী দেশ ও সামগ্রিকভাবে ইউরোপজুড়ে আগ্রাসন বিস্তার করছেন। গতকাল বৃহস্পতিবার ইউক্রেনে এই হামলা কালীন সময়ে, প্রতিবেশী দেশ পোল্যান্ড সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু সময়ের জন্য যুদ্ধবিমান আকাশে উড়িয়েছিল। তবে পরবর্তীতে কোনো আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd